রংপুরে সূর্যের দেখা নেই এক সপ্তাহ, পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
রংপুর নগরের এক সপ্তাহ থেকে সূর্যের দেখা নেই। ঘনকুয়াশায় আচ্ছন্ন নগর ও গ্রামের জনপদ। সেই সঙ্গে উত্তরের কনকনে ঠান্ডা বাতাস। শীতে কাহিল গ্রামের মানুষ। আর উত্তরের জেলা পঞ্চগড়ে তিন দিন বিরতির পর আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সঙ্গে ঝিরঝিরে বাতাসে বেড়েছে শীতের তীব্রতা।
মাঘ মাসের শুরু থেকেই রংপুরে শীতের প্রকোপ বেড়েছে। শীতার্ত মানুষ জবুথবু হয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেছেন। ঘনকুয়াশায় মহাসড়কে গাড়িগুলোকে দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলতে দেখা যায়। আজ বুধবার রংপুর নগরের রাস্তাগুলো অনেকটা ফাঁকা ফাঁকা। শীতের প্রকোপে প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরেও বের হচ্ছেন না। তবে বোরো চাষাবাদের জন্য ধানের চারা রোপণের জন্য গ্রামের নারী-পুরুষদের খেতে যেতে দেখা গেছে।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের শেখপাড়া, চব্বিশহাজারী, খটখটিয়াসহ আরও কয়েকটি এলাকায় দেখা যায়, পানিতে নেমে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষক। জবুথবু হয়ে অনেকে সাইকেলে করে ছুটে যাচ্ছেন গন্তব্যে। শেখপাড়ার একটি দোকানের কর্মচারী আমজাদ হোসেন বলেন, ‘গেল বছর এই সময়টা এত ঠান্ডা আছলো না। এবার সত্যি সত্যিই মাঘ মাসের ঠান্ডা বোঝা যাইতোছে।’
নগরের বিপণিবিতানগুলোয় ক্রেতাদের উপস্থিতিও খুব কম দেখা যায়। বিক্রিও কমে গেছে বলে জানলেন সুপার মার্কেটের ব্যবসায়ীরা। ধাপের রজনীগন্ধা মার্কেটের ব্যবসায়ী কাজী মো. আদম বলেন, কয়েক দিন থেকে ব্যবসা খুব মন্দা। কেননা, কনকনে বাতাস। তারপরও সূর্যও উঠছে না। এ কারণে মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না।
আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডা বাতাস বইছে। সূর্যের দেখা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরও কয়েক দিন এমন আবহাওয়া থাকতে পারে।
আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা ১১টার পর সূর্যের মুখ দেখা গেলেও ছড়াতে পারেনি রোদের তীব্রতা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পঞ্চগড়ে ঝিরঝিরে হিমেল বাতাস বইতে শুরু করে। এতে রাতভর কনকনে শীত অনুভূত হয়। রাত গভীর হওয়ার সঙ্গে বাড়তে থাকে কুয়াশার পরিমাণ। আজ সকালে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কাজে চলে যান খেটে খাওয়া মানুষ। বেলা ১১টার পর সূর্যের দেখা মিললেও দুপুর সোয়া ১২টা পর্যন্ত ছিল না সূর্যের উত্তাপ।
পঞ্চগড় শহরের অটোরিকশাচালক আবদুর রহিম বলেন, তিন দিন থেকে রোদ কম ছিল, ঠান্ডাও কম ছিল। তবে আজকের ঠান্ডায় কাবু হয়ে গেছেন তিনি। আজ সকালে ঘনকুয়াশায় রাস্তার ১০ হাত দূরেও দেখা যায়নি। বাতাসের কারণে ঠান্ডা বেশি লাগছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, তিন দিন বিরতির পর আবারও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করেছে। সম্প্রতি আকাশে মেঘের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছিল। এখন তেঁতুলিয়ার আকাশের আট ভাগের দুই ভাগ মেঘ আছে। গতকাল রাত থেকেই কুয়াশার পরিমাণও বেড়েছে। সেই সঙ্গে উত্তরের ভারী শীতল বাতাস তেঁতুলিয়ায় সরাসরি ঢোকায় তাপমাত্রা কিছুটা কমে গেছে। এতে শীত বেশি অনুভূত হচ্ছে। তিনি আরও বলেন, জানুয়ারি মাসের শেষের কয়েক দিন তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা কম থাকতে পরে এবং মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।