রংপুরে হত্যার দায়ে একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন
রংপুর নগরের মেকুরা মধ্যপাড়া এলাকায় জুয়েল রানা (২৮) নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক মো. তারিখ হোসেন আজ বুধবার দুপুরে এ রায় দেন।
ব্যবসায়ী জুয়েল রানা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি হলেন রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকার মেহেদী হাসান (২৫)। ওই মামলায় একই এলাকার শাকিল মিয়াকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় তাঁরা দুজনই অদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শাহ মো. নয়ন্নুর রহমান।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, রংপুর নগরের ৩৩ নম্বর ওয়ার্ডের মেকুরা মধ্যপাড়া গ্রামের (সাবেক পীরগাছা উপজেলা) আবু সিদ্দিক মিয়ার ছেলে জুয়েল রানার জমি চাষ করার ট্রাক্টর ও ট্রলি ছিল। তিনি এগুলো ভাড়া দিতেন এবং নিজেও চালাতেন। ওই এলাকায় বালু তোলা নিয়ে মেহেদী হাসান ও শাকিল মিয়ার সঙ্গে জুয়েলের বিরোধ চলছিল। ২০১৮ সালের ২৬ জুলাই সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি জুয়েল। পরের দিন সকালে মেকুরা পাঠানটারী গ্রামের ঘাঘট নদের তীরে একটি ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জুয়েলের ছোট ভাই জাকির হোসেন বাদী হয়ে ২০১৮ সালে ২৭ জুলাই জুয়েলের বন্ধু মেহেদী হাসান, শাকিল মিয়া, ট্রাক্টরচালক আবদুল মালেক (২৪) এবং মালেকের সহকারী আমিনুর রহমানকে (১৭) আসামি করে পীরগাছা থানায হত্যা মামলা করেন।
আদালতের রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মালেককে খালাস দেওয়া হয়েছে। বয়স কম হওয়ায় ওই মামলার অপর আসামি আমিনুর রহমানের বিচার শিশু আদালতে চলছে বলে জানান এপিপি শাহ মো. নয়ন্নুর রহমান।