রংপুরের মেয়রের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ করে জাতীয় ছাত্র সমাজ জেলা ও মহানগর শাখা
ছবি: প্রথম আলো

রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা ও মহানগর জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জাপা কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন ছাত্রসমাজ জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আমন্ত্রণপত্র ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে মেয়র মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার মহানগর ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এর প্রতিবাদে ওই দিন সংবাদ সম্মেলন করেন মোস্তাফিজার। এ ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন তিনি।