রংপুরের শিঙাড়া হাউসে বসে শিঙাড়া খেলেন ভারতীয় হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ঐতিহ্যবাহী শিঙাড়া হাউসের শিঙাড়া আর চাটনি খেলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। সোমবার সন্ধ্যায় শহরের হাড়িপট্টি রোডে
প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী সফরে এসে রংপুরের ঐতিহ্যবাহী শিঙাড়া হাউসের শিঙাড়া আর চাটনি খেলেন। আজ সোমবার সন্ধ্যার পর রীঁ শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ির পাশে শিঙাড়া হাউসের ঐতিহ্যবাহী ছোট্ট দোকানটিতে বসে হাইকমিশনারকে চাটনি দিয়ে শিঙাড়া খেতে দেখা যায়।

বিক্রম কে দোরাইস্বামী প্রায় ১০ মিনিট শিঙাড়া হাউসে অবস্থান করেন। ছোট্ট দোকানে পাতা চেয়ার-টেবিলে বসে চাটনি দিয়ে শিঙাড়া খাওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘ছোট্ট ছোট্ট শিঙাড়ার সঙ্গে যে চাটনি দেওয়া হয়, তা খুবই সুস্বাদু। আমার ভালোই লেগেছে। অনেক নাম শুনেছি এই শিঙাড়া হাইসের। আজ সশরীর এসে দেখলাম। ছোট্ট দোকান হলেও শিঙাড়া মান–গুণে বেশ ভালো।’

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভবতোষ সরকার জানান, ৬০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিঙাড়া হাউস এখনো সেই আগের মতোই রয়েছে। তেমন কোনো চাকচিক্য নেই। একসময় ২৫ পয়সায় চারটি শিঙাড়া পাওয়া যেত। কালের বিবর্তনে সেই দাম বেড়ে এখন প্রতিটি শিঙাড়া তিন টাকায় বিক্রি হয়। সঙ্গে এক টাকার চাটনি। আগে অবশ্য চাটনি বিনা মূল্যেই দেওয়া হতো।

ছোট্ট ছোট্ট শিঙাড়ার সঙ্গে যে চাটনি দেওয়া হয়, তা খুবই সুস্বাদু। আমার ভালোই লেগেছে। অনেক নাম শুনেছি এই শিঙাড়া হাইসের। আজ সশরীর এসে দেখলাম। ছোট্ট দোকান হলেও শিঙাড়া মান–গুণে বেশ ভালো।
বিক্রম কে দোরাইস্বামী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী শিঙাড়া হাউসের শিঙাড়া খেতে এসেছে শুনে কৌতূহলী মানুষ ভিড় জমায়। সোমবার সন্ধ্যায় রংপুর শহরের হাড়িপট্টি রোডে
প্রথম আলো

রংপুর শহরের ব্যবসাপ্রধান এলাকা জাহাজ কোম্পানি মোড়ের কাছেই বেতপট্টি ও কালীবাড়ি এলাকার মধ্যে সরু গলি হাঁড়িপট্টি। সেখানে ঢুকলেই প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া লাগে গায়ে। এই গলির ঘ্রাণেই মিশে আছে পুরোনো সময়। এই রোডেই এই শিঙাড়া হাউস। সেই আদিকাল থেকে একইভাবে দোকানটি পরিচালিত হয়ে আসছে। স্বাধীনতার আগে এ শিঙাড়া হাউস শহরের বিশিষ্টজনদের নিয়মিত আড্ডার স্থান ছিল। রাজনৈতিক ব্যক্তিরাসহ শহরের গুণীজনেরা এখানে বসতেন।

শিঙাড়া হাউসের শিঙাড়াগুলো এতই বিখ্যাত ও সুস্বাদু যে এতে নিয়মিত ভিড় লেগেই থাকে। দোকানটির পরিসর এতটাই ছোট যে বিকলের পর এখানে চেয়ার-টেবিল পাওয়া রীতিমতো যুদ্ধের ব্যাপার। মিনিট পনেরো-আধঘণ্টা দোকানের বাইরে দাঁড়িয়ে অপেক্ষার পর টেবিল মিললেই মেলে মচমচে শিঙাড়া আর সুস্বাদু চাটনির দেখা। দূরদূরান্তের লোকজন রংপুরে কাজে বা কেনাকাটায় এলে শিঙাড়া হাউসে আসতে ভুলতেন না। রংপুরের বাসিন্দারা যাঁরা এখন জীবনের প্রয়োজনে জেলার বাইরে দেশ-বিদেশে বসবাস করেন, তাঁরা রংপুরে এলে একবার এই দোকানে আসা চাই-ই চাই। বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের নিয়ে বসে শিঙাড়া হাউসে বসে খাওয়া ঐতিহ্যের পরম্পরা মেনে চলে আসছে।