রক্তমাখা টাকা পুলিশকে নিয়ে গেল খুনির কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ধার পরিশোধের সময় দেওয়া রক্তমাখা একটি নোটের সূত্র ধরে পুলিশ হত্যা মামলার আসামির খোঁজ পেয়েছে। হত্যায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, উপজেলার বালিয়াডাঙ্গার মিজানুর রহমানের কাছে ৮০ টাকা পাওনা ছিল নেওয়াজ শরীফের। দীর্ঘদিন তা পরিশোধ করছিলেন না মিজানুর। হঠাৎ ৬ জুন মিজানুর সেই টাকা পরিশোধ করেন। পরিশোধ করা টাকার মধ্যে একটি ২০ টাকার নোট রক্তমাখা ছিল। ওই টাকা বদলে দিতে মিজানুরকে অনুরোধ করেন নেওয়াজ। কিন্তু তিনি টাকা বদলে দেননি।

পুলিশ জানায়, নেওয়াজ বন্ধুদের সঙ্গে রক্তমাখা নোটের কথা আলাপ করেছিলেন। এক কান, দুই কান ঘুরে সেই কথা চলে যায় পুলিশের কাছে। এর সূত্র ধরে কালীগঞ্জের আলোচিত শাহিন হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত। গ্রেপ্তার দুজন হলেন বালিয়াডাঙ্গার মিজানুর রহমান ওরফে বাবু (৩৫) ও জসীম উদ্দীন ওরফে বাবুল (২৫)। ১৪ জুন মিজানুর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। টাকা ছিনতাই মিজানুরের মূল উদ্দেশ্য ছিল বলে জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানিয়েছে।

৬ জুন সকালে বালিয়াডাঙ্গা বাজারের পাশে কলাবাগানে ব্যবসায়ী শাহিন আলমের (২৮) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শাহিন আলম বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার চাঁদ আলীর ছেলে। বালিয়াডাঙ্গা বাজারে তাঁর লেদ-গ্রিলের ব্যবসা ছিল।

নিহত শাহিনের বাবা চাঁদ আলীর ভাষ্য, ৫ জুন রাত ১১টার দিকে তাঁর ছেলে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। কিন্তু ছেলে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে এলাকাবাসী কলাবাগানে তাঁর লাশ পড়ে থাকার খবর দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাগর সিকদার বলেন, নিহত শাহিনের সঙ্গে কারও শত্রুতা ছিল না, তাই হত্যার রহস্য উদ্‌ঘাটন করা যাচ্ছিল না। শাহিনের লাশ যখন উদ্ধার করা হয়, তখন পরনে কোনো কাপড় ছিল না। এর ভিত্তিতে প্রথমে ধারণা করেছিল, এর পেছনে নারীঘটিত কোনো কারণ থাকতে পারে। কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। পরে টাকায় রক্তের সূত্র ধরে পুলিশ অনুসন্ধান শুরু করে। প্রথমে গ্রেপ্তার হন জসীম। ১২ জুন রাতে ঠাকুরগাঁও থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।

এই তদন্ত কর্মকর্তা আরও বলেন, মিজানুরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ক্ষুর, রশি, চশমা, রক্তমাখা পোশাকসহ অন্যান্য আলামত উদ্ধার করে। হত্যাকাণ্ডের পর মিজানুর ও জসীম উদ্দিন এলাকাতেই ছিলেন এবং তাঁদের চলাফেরা স্বাভাবিক ছিল।

বালিয়াডাঙ্গা বাজারের একাধিক ব্যবসায়ীর ভাষ্য, শাহিন হত্যা মামলার দুই আসামি নিয়মিত মাদক সেবন করতেন। বাজারের একাধিক দোকানে তাঁদের দেনা ছিল। শাহিনের দোকানে তাঁদের নিয়মিত আসা-যাওয়া ছিল। ব্যবসায়িক অবস্থা ভালো থাকা শাহিনের টাকার প্রতি মিজানুর ও জসীমের লোভ ছিল।