রঙিন গ্যাস বেলুনে ফিরোজের সাদাকালো জীবন
খুলনায় শনিবার সন্ধ্যার পর বেশ খানিকটা বৃষ্টি হয়েছে। রোববার ভোরেও কালো মেঘে ঢাকা আকাশ। সার্কিট হাউস মাঠের এক কোনায় কয়েকজন ফুটবল খেলছে। ডান পাশের সার্কিট হাউস রোডে তখন দলে দলে মানুষ হাঁটছে। ওই রাস্তার ফুটপাতের পাশে একটি ইজিবাইকের ওপর বেশ কিছু নীল আর সাদা রঙের গ্যাস বেলুন, যেন ধাক্কাধাক্কি করে মাথা ওপরে তোলার মহড়ায় লিপ্ত।
বেলুনওয়ালা একটা একটা করে বেলুনে গ্যাস ঢুকিয়ে ফোলাচ্ছেন আর সুতা দিয়ে বেঁধে রাখছেন। গোটা পঞ্চাশেক বেলুন ফোলানোর পর নির্দেশ এল বাকিগুলোর কাজ কিছু সময় পর করার। কথামতো কাজে ক্ষান্ত দিলেন বেলুনওয়ালা। এই অবসরে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ মিলল। আলাপ-পরিচয়ে জানা গেল তাঁর নাম মো. ইমাম হোসেন। বয়স ৩৬। মানুষ তাঁকে ফিরোজ নামেই চেনে। পৈতৃক বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জের বড় বাদুরায় হলেও ফিরোজের জন্ম ও বেড়ে ওঠা খুলনা শহরেই। এখন থাকেন শহরের দক্ষিণ টুটপাড়া এলাকার মোল্লাপাড়ার ভাড়া বাসায়। এক কক্ষের ওই বাসায় মাকে নিয়ে থাকছেন। স্ত্রী-সন্তানদের রেখে এসেছেন গোপালগঞ্জে শ্বশুরবাড়িতে।
জীবন আর জীবিকার যুদ্ধে টিকে থাকতে অনেক কাজই করতে হয়েছে ফিরোজকে। কখনো বাদাম, মুড়ি, আমড়া মাখা বিক্রি করেছেন। আবার কখনো রিকশা চালিয়েছেন। করেছেন দিনমজুরির কাজ। অবশেষে খানিকটা থিতু হতে পেরেছেন গ্যাস বেলুন বিক্রির পেশায়। বড় সন্তানের নামে জোড়াকল বাজারে তাঁর ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘শুভ বেলুন ঘর’। তবে এখন বেলুন বিক্রিটা আর একক পেশা নেই ফিরোজের। গ্যাস বেলুনের কাজের পাশাপাশি শহরে ইজিবাইক চালাচ্ছেন তিনি।
ফিরোজ বলেন, ‘অনেক কষ্ট করতে হয়েছে জীবনে। ইউসেপ স্কুলে ক্লাস এইট পর্যন্ত পড়েছি। বয়স যখন ১২-১৩, তখন থেকেই কাজ করছি। আর ১৭-১৮ বছর ধরে বেলুনের কাজ করি। এ কাজে আমার ওস্তাদ হচ্ছে বাহাদুর। সে আবার আমার খালাতো ভাই ছিল। ২০১৮ সালে নিরালা আবাসিক এলাকায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওস্তাদ তো মারা গেল।’
এ পেশায় তো অনেক ঝুঁকি আছে, এমন কথা বলতেই মৃদু হেসে ফিরোজ বললেন, ‘রিস্ক তো একটু থাকেই। আবার আমাদের খেয়েপরে বাঁচতে তো হবে। তবে ভালো মানের সিলিন্ডার ব্যবহার করি। আসলে পেশাটা ভালো লাগে। একটা সৌন্দর্যের ব্যাপার আছে। নানা রঙের বেলুন দিতে পারি। পার্টি যেমন রং চায়। আবার ধরেন, অনেকে জন্মদিনের পার্টি করে। তখন বেলুন নেয়। পরিবার আনন্দ পায়। বাচ্চারা আনন্দ পায়। পরিবেশটাই সুন্দর হয়ে ওঠে।’
এ পেশার আয়-রোজগার নিয়ে ফিরোজ বলেন, ‘চলে যায়। আমাদের এটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ। ইভেন্ট বুঝে আয়। কখনো মাসে ১২-১৪ হাজার হয়। কখনো ৫ হাজারো হয় না। ওইভাবে বলা যাবে না। ধরেন ১০০টি বেলুনে ৬০০-৭০০ টাকা লাভ থাকে। সপ্তাহে কখনো তিন-চারটা অর্ডার থাকে, কখনো একটাও থাকে না। অনুষ্ঠানের অর্ডার যখন না থাকে, তখন ইজিবাইক চালাই।’ ফিরোজের ভাষ্য, ইজিবাইক নিয়ে বের হলে কখনো এক হাজার, কখনো দেড় হাজার টাকা; আবার কখনো গাড়ি ভাড়া দিয়ে ১০০ টাকাও থাকে না। রাস্তায় ইজিবাইকের সংখ্যা অনেক বেড়েছে, আর চালাতে গিয়েও নানা ঝামেলা পোহাতে হয়।
ফিরোজ বলেন, ‘এখন খুব টাফ সময় যাচ্ছে। সবকিছুর দাম বেশি। খাইয়ে হোক না খাইয়ে হোক চলা তো লাগবে। আমরা তো কাউকে বলতিও পারি নে, আবার শোনারও কেউ নেই। আর দাম যে বাড়তিছে, তা আমরা ঠেকাতি পারব না। বিষয়টা আমাগে কাছে আদার ব্যাপারীর জাহাজের খবর নেওয়ার মতো।’
কথা বলা শেষ করে আবার বেলুন ফুলানোর কাজে মনোনিবেশ করলেন ফিরোজ। কষ্টগুলোকে যেন বেলুনের মতো আকাশে উড়িয়ে দিতে চাইলেন। হাসিমুখ করে বললেন, ‘ভালো-খারাপ সময় যা গেছে, ওসব বলে কোনো লাভ নাই। সব অতীত ইতিহাস। বর্তমানে আর সামনে কী আছে, কীভাবে চলব, সেটা নিয়েই চিন্তাভাবনা। নিজের চেষ্টায় যতটুকু করতে পারব, তাতে খুশি থাকব।’