রড চুরির অভিযোগে ট্রাকচালকসহ তিনজনকে বেঁধে রেখে মারধর
রড চুরির অভিযোগ তুলে গাইবান্ধা শহরে ট্রাকচালক, মালিকসহ তিনজনকে বেঁধে রেখে মারধরের অভিযোগ উঠেছে। আট ঘণ্টা পর জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ এসে ওই তিনজনকে উদ্ধার করে। তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার শহরের ভিএইড রোডের শরিফ ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার রাতে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মারধরের শিকার তিনজন হলেন রংপুরের মিঠাপুকুর এলাকার ট্রাকচালক হাফিজুর রহমান, তাঁর সহকারী সেকেন্দার আলী ও ট্রাকমালিক মামুনুর রশিদ।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, হাফিজুর ও সেকেন্দার রোববার দুপুরে রডবোঝাই ট্রাক নিয়ে গাইবান্ধায় পৌঁছান। পরে তাঁরা শরিফ ট্রেডার্সে যান। এ সময় ৫১০ কেজি রড ওজনে ঘাটতি হয়। শরিফ ট্রেডার্সের মালিক ট্রাকচালকের কাছে ঘাটতি হওয়া রডের টাকার জন্য চাপ দেন। বাধ্য হয়ে তাঁরা বাড়িতে মুঠোফোনে যোগাযোগ করে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেন। এরপরও চালক ও তাঁর সহকারীকে গুদামঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন দোকানমালিক মিঠু হাজী, ব্যবস্থাপক লাভলু মিয়া, কর্মচারী আবু রায়হানসহ পাঁচ-সাতজন। খবর পেয়ে ট্রাকের মালিক মামুনুর রশিদ তাঁদের উদ্ধার করতে গাইবান্ধায় এলে তাঁকেও মারধর করে আটকে রাখা হয়।
এর মধ্যে ভুক্তভোগীরা কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করেন। আটকে রাখার আট ঘণ্টা পর রোববার রাত ১০টার দিকে শরিফ ট্রেডার্সের গুদামঘর থেকে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ আসার খবর পেয়ে দোকানমালিক ও তাঁর লোকজন সটকে পড়েন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ট্রাকমালিক মামুনুর রশিদ বলেন, ট্রাকে যে পরিমাণ রড তুলে দেওয়া হয়। চালকেরা তাই বহন করেন। তাঁদের কেউ রড চুরি করেননি। তবুও ক্ষতিপুরণ দিতে চাওয়া হয়। তারপরও তাঁদের মারধর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে আটকে রাখা ট্রাকমালিক ও শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
ঘটনার পর থেকে দোকানমালিক মিঠু হাজীসহ তাঁর লোকজন পলাতক। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।