‘রণপা’য় আনন্দ হানিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেললাইনের পাশের মাঠে শিশু-কিশোর ও যুবকদের ‘রণপা’ শেখান মো. হানিফ। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুরে।
ছবি: প্রথম আলো

মো. হানিফকে সবাই চেনেন ‘হানিফ মেকার’ নামে। ছোট ছোট ইলেকট্রনিক পণ্য মেরামতের কাজ করেন। তাঁর পঁয়ষট্টি বছরের জীবনকে বিচিত্র বলা যায়। বরিশালের এক নিভৃত পল্লি থেকে ৫০ বছর আগে শুরু হয়েছিল জীবনযুদ্ধ। হানিফ মেকারের জীবনতরি শেষ পর্যন্ত এসে ভিড়েছে গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর গ্রামের বন্ধ হয়ে যাওয়া একটি রেলস্টেশনের পাশে। এখানে প্রায় একাকী জীবন তাঁর।

তবে একাকী হলেও জীবনযাপনকে উপভোগ করে চলেছেন তিনি। নিজেকে উৎফুল্ল রাখতে বেছে নিয়েছেন বিচিত্র এক কাজ। প্রতিদিন বিকেলে অবসরে গ্রামের শিশু–যুবকদের ‘রণপা’ শেখান তিনি। রণপা হলো বিশেষভাবে তৈরি কৃত্রিম এক জোড়া পা। এতে স্বাভাবিকের তুলনায় বেশ উঁচুতে উঠে হাঁটা যায়। দুটি বাঁশের লাঠির সঙ্গে বাঁধা কাঠিতে পা রেখে বড় বড় কদম ফেলে খুব দ্রুত হেঁটে যাওয়া যায় এই রণপা দিয়ে।

হানিফ বলেন, বহু বছর আগে টেলিভিশনে একটি সিনেমায় বাঁশের লাঠিতে পা রেখে একজন মেয়েকে হেঁটে যেতে দেখেছিলেন। দৃশ্যটি তাঁর ভালো লেগে যায়। বাঁশের লাঠি সংগ্রহ করে নিজে প্রথমে সেভাবে হাঁটার চেষ্টা করেন। বেশ কয়েক দিন চেষ্টার পর সফল হন। এরপর তিনি প্রায়ই বাঁশের লাঠি নিয়ে হাঁটতেন। অনেকের কাছে এটি হাসির খোরাক হলেও হানিফ দমে যাননি; বরং আশপাশের অনেক তরুণকে যুক্ত করেন তাঁর সঙ্গে। নিজের হাতে বাঁশের লাঠি বানিয়ে লোকজনকে রণপা হাঁটা শেখানো শুরু করেন।

ইজ্জতপুর রেলস্টেশনের পাশে যেখানে হানিফ মেকার থাকেন, ঠিক তার পাশেই রেলের স্লিপার ঘেঁষে অনেকখানি সবুজ মাঠ। সম্প্রতি হানিফের খোঁজে গিয়ে ওই মাঠেই পাওয়া যায় তাঁকে। সাত-আটজন লোক লম্বা লম্বা বাঁশের লাঠিতে পা লাগিয়ে মাঠে দ্রুতগতিতে হাঁটছেন। তাঁদের সঙ্গে হাঁটার চেষ্টা করছে সাত বছর বয়সী ফাহিমা। ‌হানিফ মেকারকে এই ফাহিমা দাদা বলে ডাকে। হানিফ তাঁর মতো উচ্চতা মিলিয়ে ফাহিমাকে রণপা বানিয়ে দিয়েছেন। তরুণদের মধ্যে অনেকে আছেন, যাঁরা পড়াশোনার ফাঁকে হানিফ মেকারের কাছে এসে রণপা শেখেন। কেউ সকাল–বিকেল হানিফের সঙ্গে পা মেলান। এঁদের একজন মো. ফয়সাল। তিনি বলছিলেন, রণপা দিয়ে হাঁটতে ভালো লাগে। এটা বেশ আনন্দের।

দেশে এখনো বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে রণপা দিয়ে হাঁটতে দেখা যায়। এটা দর্শকদের জন্য একটা বাড়তি আনন্দ। বড় বড় পা ফেলে, বাহারি পোশাক পরে ছোট্ট শিশুদের আনন্দ দেওয়া হয় অনেক বিনোদনকেন্দ্রে। আবার কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে রণপায়ে নৃত্যের আয়োজনও থাকে। তবে এই রণপায়ের সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে।