পতিসরে হচ্ছে রবীন্দ্র ক্যানসার সেন্টার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য নওগাঁর আত্রাই উপজেলার রবিতীর্থ পতিসরে ‘রবীন্দ্র ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আলোর ভুবন কল্যাণ ট্রাস্ট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। নওগাঁর কৃতী সন্তান জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন গোলাম আবু জাকারিয়া ‘আলোর ভুবন কল্যাণ ট্রাস্ট’ নামে এই দাতব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
এ লক্ষ্যে গোলাম আবু জাকারিয়াকে চেয়ারম্যান ও রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক এম মতিউর রহমানকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট নির্বাহী পরিচালনা পর্ষদ এবং নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ মো. আনোয়ার হোসেনকে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
সম্প্রতি আলোর ভুবন কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হাসিন অনুপমা আজহারীসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নওগাঁ জেলা প্রশাসক হারুনÑঅরÑরশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে পতিসর রবীন্দ্র ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে।
এম মতিউর রহমান জানান, আলোর ভুবন কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক অনুপমা আজহারী পতিসরে এসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
জার্মানি থেকে মুঠোফোনে ক্যানসারবিজ্ঞানী জাকারিয়া বলেন, ‘অনেক দিন আগে এম মতিউর রহমানসহ এলাকার সচেতন মানুষ আমার কাছে এমন একটি আবেদন করেছিলেন, আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিকল্পনা গ্রহণ করেছি। কেননা, রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণাঢ্য কর্মময় জীবনে পতিসরের অল্প আয়ের স্বল্প শিক্ষিত হতদরিদ্র মানুষের চিকিৎসার জন্য যা করেছেন, তার মূল্যায়ন দুই বাংলার কোথাও হয়নি বললেই চলে। কবির স্মরণে করা হয়নি কোনো হাসপাতাল কিংবা চিকিৎসাকেন্দ্র, অথচ পতিসরে কবিগুরু স্থাপন করেছিলেন দাতব্য চিকিৎসালয়।’