রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবি এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে ওই রেলস্টেশন প্রাঙ্গণ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় স্টেশন প্রাঙ্গণে ‘রেলবন্দর বাস্তবায়ন পরিষদ গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট’–এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতা–কর্মী এবং সাংবাদিকেরা অংশ নেন।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান, যুগ্ম আহ্বায়ক সেরাজুল ইসলাম, সদস্যসচিব ইয়াহিয়া খান, মাহফুজা খাতুন, জিল্লুর রহমান, আজিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ১১ মার্চ রেলবন্দরের দাবিতে অনুষ্ঠিত বিশাল জনসভার পর আজকের মানববন্ধন কর্মসূচি এটাই প্রমাণ করে, এই এলাকার মানুষ রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো পেতে বদ্ধপরিকর। অবিলম্বে রেলবন্দরের ঘোষণা দেওয়া না হলে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

মানববন্ধন থেকে ৩০ মার্চ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে ‘ঢাকাস্থ গোমস্তাপুর-নাচোল-ভোলাহাটবাসী’–এর উদ্যোগে মানববন্ধন সফল করার আহ্বান জানানো হয়।