রাইড আছে, চলে না কিছুই

শত বছরের পুরোনো চিকলি লেকের পাড়ে ২০১৫ সালে পার্কটি চালু করা হয়। রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে গেছে পার্কের রাইডগুলো। গতকাল রংপুর নগরের সাগরপাড়ায় সিটি চিকলি পার্কে
ছবি: প্রথম আলো

পার্কের সব রাইড বিকল। নাগরদোলা, গাড়ি, রেলপথ সবই আছে পার্কের ভেতর, কিন্তু চলে না কিছুই। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এমন দশা হয়েছে রংপুর সিটি চিকলি পার্কের রাইডগুলোর।

সিটি করপোরেশন পরিচালিত পার্কটির এমন বেহাল দশার কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনোদনপ্রেমীরা। এ পার্ক ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবস্থা প্রতিষ্ঠানও গুটিয়ে নিয়েছেন মালিকেরা। অথচ শত বছরের পুরোনো চিকলি বিলের পাড়ে গড়ে ওঠা পার্কটি নিয়ে একসময় বেশ উৎসাহী ছিলেন নগরবাসী।

রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাংলা নববর্ষের দিন সিটি চিকলি পার্কটির উদ্বোধন করেন তৎকালীন মেয়র সরফুদ্দিন আহমেদ। শুরু থেকেই পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। চিকলি বিলের চারপাশ সংরক্ষণ করে প্রায় ৯২ একর জায়গা বিনোদন পার্ক হিসেবে সাজানো হয়। প্রায় সোয়া কিলোমিটার দৈর্ঘ্যের লেকের চারপাশে সবুজ বৃক্ষের সমারোহঘেরা পার্কে আকর্ষণীয় সব রাইড স্থাপন করা হয়। গাছের ছায়ায় নিরিবিলি পরিবেশে মানুষজন বিনোদন পেতে ছুটে যেত সেখানে।

গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, বিলের দুই পাশে গড়ে তোলা বসার আসনগুলো ভেঙে গেছে। শিশুদের জন্য নাগরদোলা, ঘূর্ণি দোলনা, সাঁজোয়া যান, গাড়ি, মেরিগোল্ড বিকল হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে একটি স্পিডবোট ছাড়া সব রাইড বিকল। পার্কে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে গড়ে ওঠা রেললাইনের আশপাশে ঘাস গজিয়েছে। ভেতরের খুদে দোকানিরাও ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

রংপুর নগরের বেশ কয়েকজন বাসিন্দা জানান, কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে সিটি চিকলি পার্কের আকর্ষণ এখন আর নেই। প্রথম দিকে পার্কে চিত্তবিনোদনপিপাসু মানুষের উপচেপড়া ভিড় ছিল। তখন পরিবেশও ভালো ছিল। এখন রাইডগুলো সব নষ্ট হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কারকাজ না হওয়ায় বসার জায়গাগুলোও নষ্ট।

গতকাল বুধবার সকালে দুই সন্তান নিয়ে পার্কটিতে এসেছিলেন নগরের ইসলামবাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। তাঁরা মূলত লেকের আশপাশে ঘুরছিলেন। শফিকুল ইসলাম বলেন, শহরের ভেতর মনোরম পরিবেশে একটি লেক। অথচ এখানে ঘুরে শান্তি পাওয়া যায় না। শিশুরাও পার্কে এসে আনন্দ করতে পারে না। নগরবাসীর বিনোদনের কথা ভেবে দ্রুত পার্কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার দাবি তাঁর।

এ বিষয়ে সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ছয় মাস আগে ৫০ কোটি টাকার একটি উন্নয়ন পরিকল্পনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নেও কিছু কাজ করা হবে। চিকলি লেকের চারপাশের পরিবেশ আরও সুন্দর করে সাজানো হবে। এ ছাড়া দুটি সুইমিংপুল নির্মাণ করা হবে। তখন পার্কটি আবারও প্রাণবন্ত হয়ে উঠবে।