রাইড শেয়ারিং চালু হচ্ছে নীলফামারীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে রাইড শেয়ারিং সার্ভিসের উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ
ছবি: প্রথম আলো

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী থেকে যাত্রা শুরু করেছে অনলাইন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস ‘ট্রান্সপোর্টার’। এই রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে যাত্রীরা গন্তব্যে যেতে পারবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ফকিরপাড়ায় এই রাইড শেয়ারিং সার্ভিসের উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

রাইড শেয়ারিং সেবা প্রদানকারী নতুন এই প্রতিষ্ঠানের নাম নেক্সা ট্রান্সপোর্টার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুব্রত সরকার অনুষ্ঠানে বলেন, রাইড শেয়ারিং সেবা বর্তমান বিশ্বে আধুনিক সড়কযোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মাধ্যম। রংপুর অঞ্চলের যাত্রীরাও অ্যাপভিত্তিক এই সেবার মাধ্যমে পছন্দমতো সময়ে অতি দ্রুত নির্দিষ্ট গন্তব্যের জন্য প্রয়োজনীয় যানবাহন খুঁজে নিতে পারবেন। এখানে যাঁরা গাড়ি চালাবেন, তাঁদের পরিচয় কর্তৃপক্ষের কাছে আছে। পাশাপাশি যাত্রীদের যথাযথ নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দিপক চক্রবর্তী, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, সাবেক নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, ব্যবসায়ী সিদ্দিকুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, অ্যাপটির সহপ্রতিষ্ঠাতা শাহানা আক্তার, মিনহাজুল ইসলাম, শামীম ফেরদৌস প্রমুখ।