রাউজান উপজেলা লকডাউন ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় চট্টগ্রামের রাউজান উপজেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই ঘোষণা দেন।
ইউএনও জোনায়েদ কবির বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত উপজেলা কমিটির জরুরি সভা হয় আজ। সেখানে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত হয়। আজ সন্ধ্যা ৬টা থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
এই ঘোষণার ফলে রাউজান উপজেলায় অন্য কোনো জেলা বা উপজেলা থেকে কোনো গাড়ি, নৌযান বা মানুষ ঢুকতে পারবেন না। এ উপজেলা থেকেও কোনো গাড়ি, নৌযান বা কেউ বের হতে পারবেন না। সমগ্র উপজেলায় এই নিষেধাজ্ঞা থাকবে বলে ইউএনও স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম দীন বলেন, এ উপজেলায় এখনো কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। উপসর্গ থাকায় ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তবে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। আজ ৩ জনের নমুনা পরীক্ষা করা হবে। তিনি বলেন, পাশ্বর্বর্তী উপজেলা হাটহাজারী ও ফটিকছড়িতে একজন করে করোনা রোগী শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউএনও জোনায়েদ কবির প্রথম আলোকে বলেন, লকডাউনের নির্দেশনা অমান্য করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।