রাউজানে আরও ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামের রাউজান উপজেলায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১২৭। আজ শনিবার রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানিয়েছে।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দীন বলেন, উপজেলার ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যাঁদের শরীরে করোনার উপসর্গ আছে, তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১৫ ও ১৮ জুন দুই দিনে রাউজানের ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির বলেন, করোনা সংক্রমিত ব্যক্তির সংখা বাড়তে থাকায় উপজেলার একটি হাসপাতালকে আইসোলেশন সেন্টার করা হচ্ছে। এখানে ২০টি শয্যায় রোগীরা চিকিৎসা নিতে পারবেন। স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী উদ্যোগটি নিয়েছেন।