রাউজানে পুকুর থেকে গলায় ইট বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশের প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানের পৃথক দুটি স্থান থেকে এক গৃহবধূ ও বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পুকুর থেকে উদ্ধার হওয়া গৃহবধূর লাশের সঙ্গে সাত থেকে আটটি ইট বাঁধা ছিল। আর বৃদ্ধের লাশ পড়েছিল একটি খালের পাশের জঙ্গলে।

আজ মঙ্গলবার সকালে ও দুপুরে উদ্ধার হওয়া দুটি লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রাউজান থানা-পুলিশ জানায়, সকালে উপজেলার কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জ্যাহাট এলাকা থেকে মুহাম্মদ জালাল আহমদ (৭০) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের ভোমরপাড়া গ্রামের বাসিন্দা। আর দুপুরে গহিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দলই নগর গ্রামের পুকুর থেকে নাসরিন আকতার (৩৩) নামের গৃহবধূর লাশ উদ্ধার হয়। তিনি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসুর আলম চৌধুরীর স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মনসুরকে আটক করেছে।

উদ্ধারের সময় নাসরিনের গলায় সাত থেকে আটটি ইট ঝোলানো অবস্থায় ছিল। তবে জালাল আহমদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানিয়েছে পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে কদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম উদ্দিন বলেন, জালাল আহমদ ঘটনার দিন বোনের বাড়িতে ছিলেন। কর্মজীবনে তিনি ওমানপ্রবাসী ছিলেন।

কয়েক বছর আগে দেশে আসেন। ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছেন রাউজান ও রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন লাশ দুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘটনা দুটির কোনো কারণ জানতে পারেনি পুলিশ।