রাউজানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গশ্চি নয়াহাট গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই স্কুলছাত্রীর নাম জেসমিন আক্তার (১২)। সে ওই গ্রামের সবজি বিক্রেতা মুহাম্মদ সোলেমানের মেয়ে এবং গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে অনেকক্ষণ ধরে জেসমিন ঘর থেকে বের হচ্ছিল না। পরে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন, ঘরের চালার সঙ্গে জেসমিনের লাশ ঝুলছে। পরে বিষয়টি থানায় জানানো হলে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা ধারণা করছেন, জেসমিন অভিমান করে আত্মহত্যা করেছে।
নিহত ছাত্রীর ভাই মুহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পরও জেসমিন স্বাভাবিক ছিল। এরপর কীভাবে এ রকম ঘটনা ঘটল, সেটা কেউই বুঝতে পারছেন না। তিনি জানান, জেসমিনের গলায় স্কার্ফ পেছানো ছিল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন প্রথম আলোকে বলেন, জেসমিন আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই স্কুলছাত্রী মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণটি নিশ্চিত হওয়া যাবে।