রাউজানে হাসপাতালে আনার আগেই জ্বর-শ্বাসকষ্টে তরুণের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ এরশাদ (২৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাতে গুরুতর অসুস্থ হওয়ার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। এ সময় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত মোহাম্মদ এরশাদ উপজেলার রাউজান সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার দুপুরে একটি স্বেচ্ছাসেবী দলের সদস্যরা তাঁর জানাজা ও দাফনকাজ সম্পন্ন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে ওই তরুণকে হাসপাতালে আনা হয়। রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দ্বীন জানান, ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শ্বাসকষ্ট ছিল বলে তাঁর স্বজনের জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন এরশাদ। শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।