রাকসুর আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ক্রীড়া উৎসব নিয়ে চলছে সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রীড়া উৎসব নিয়ে চলছে সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা দাবি করছেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রাকসু সচল নেই। তাই রাকসু কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারে না। রাকসুর জমানো টাকা ব্যয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের ছাড়া এই টাকা ব্যয় করার কোনো অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই।

তবে কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি চাইলে একটি সাংগঠনিক কমিটি করে এ ধরনের আয়োজন করতে পারেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ১১ দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রীড়া উৎসব শুরু হয়। রাকসু এ ক্রীড়া উৎসবের আয়োজন করেছে। ৪ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ৮৫০ জন শিক্ষার্থী অংশ নেন এই ক্রীড়া উৎসবে। এতে হ্যান্ডবল, ফুটবল, বাস্কেটবল, ভলিবল ও অ্যাথলেটিকস খেলা হয়। উৎসবের পর্দা নামে গত মঙ্গলবার। এতে ৩০৩টি পুরস্কার দেওয়া হয়। সার্বিক আয়োজনে অর্থ ব্যয় হয়েছে ১২ লাখ টাকা। এই অর্থ রাকসু বহন করেছে।

দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে রাকসু সচল নেই। ২০১৮ সাল থেকে রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্রসংগঠনগুলো। ২০১৯ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘রাকসু সংলাপ’ শিরোনামে আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশ নেয়। সংলাপ শেষে রাকসু নির্বাচন আর আলোর মুখ দেখেনি।

ছাত্র প্রতিনিধি ছাড়া রাকসুর নাম ব্যবহার করে অনুষ্ঠান করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। স্মারকলিপিতে সংগঠনটির সমন্বয়ক আবদুল মজিদ প্রশ্ন তুলে বলেন, ‘নির্বাচিত রাকসু প্রতিনিধি ছাড়া রাকসুর নাম ব্যবহার করে কর্মসূচি গ্রহণ বা রাকসুর টাকা ব্যয় করে কোনো কর্মসূচি কীভাবে বৈধ হয়, তা পরিষ্কার নয়। ইতিমধ্যে এটা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যার সঠিক ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া উচিত বলে মনে করছি।’

আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, তাঁরা বুধবার দুপুরের পর উপাচার্য দপ্তরে গিয়েছিলেন। উপাচার্য ছিলেন না। তাঁর দপ্তর স্মারকলিপি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, রাকসু কীভাবে অনুষ্ঠানের আয়োজন করে এটা নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন। এই এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে কি না, তা শিক্ষার্থীরা জানতে চান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, যেহেতু রাকসুতে কোনো ছাত্র প্রতিনিধি নেই, তাই কার্যত রাকসু অচল। রাকসু তাই ছাত্রদের টাকা দিয়ে কোনো অনুষ্ঠান করতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে রাকসু নির্বাচন হতে পারে। কিন্তু তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চায় ভয় পায়। রাকসু নির্বাচন হলে সরকারদলীয় ছাত্ররা হলের সিট–বাণিজ্য করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনে করেন, এই অনুষ্ঠানগুলো যদি রাকসু নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে করা যেত, তাহলে অনেক ভালো হতো। এতে ছাত্রদের সম্পৃক্ততা আরও বাড়ত। তাঁরা চান, বর্তমানে রাকসু নির্বাচন হওয়ার মতো পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তাঁদের আহ্বান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিগগরি নির্বাচনের আয়োজন করে।

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন বলেন, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রাকসুর প্রতিনিধিরাই আয়োজন করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন অনেক ভালো। এটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হলো রাকসুর টাকায়, রাকসুর আয়োজনে ছাত্র প্রতিনিধি ছাড়া এটা কীভাবে সম্ভব?

রাকসুর কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, একটি অর্ডিন্যান্সে রাকসুর সভাপতি চাইলে এ ধরনের আয়োজন করতে পারেন। এ ক্ষেত্রে রাকসুর সভাপতি ও উপাচার্য হল প্রাধ্যক্ষদের নিয়ে একটি সাংগঠনিক কমিটি করেন। এই কমিটির সুপারিশের ভিত্তিতে রাকসু এই আয়োজন হয়েছে।

রাকসুর আয়োজনে ২০০২ সালের পর এ ধরনের বড় আয়োজন এই প্রথম।
রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, গত ২০ বছরে রাকসু কোনো কিছু আয়োজন করেনি। এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিশাল ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে। এটা রাকসুর জন্য সম্মানের। রাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ রয়েছেন। তাঁরা প্রাধ্যক্ষদের দিয়ে একটি সাংগঠনিক কমিটি করেছেন। এই কমিটির মাধ্যমেই এটা হয়েছে।
রাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, সবকিছু স্বাভাবিক হচ্ছে। শিক্ষার্থীরাও বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। পরিবেশ তৈরি হলে রাকসু নির্বাচন তিনি দিতে চান।