রাখাইনে বিজিপি ফাঁড়িতে হামলার নিন্দা ঢাকার
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ফাঁড়িতে ১০ অক্টোবর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ এ ঘটনাকে উন্নয়ন ব্যর্থ করার চেষ্টা বলে মনে করে।
ওই হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে অপরাধীদের গ্রেপ্তারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানিতে বাংলাদেশ উদ্বিগ্ন। অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য ১০ অক্টোবর ভোরেই দায়িত্বশীল প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেয়। পাশাপাশি বাংলাদেশ রাখাইন রাজ্যের দুই ব্যক্তিকে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
‘বাংলাদেশ কর্তৃপক্ষ মিয়ানমার পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং তাদের অনুরোধে সাড়া দিচ্ছে’—এ কথা উল্লেখ করে বিবৃতিতে যেকোনো ধরনের সহিংস চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ এ ক্ষেত্রে মিয়ানমারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ বিশ্বাস করে, একটি আইনি কাঠামোর অধীনে এ ক্ষেত্রে সহযোগিতা কার্যকর ভূমিকা পালন করবে।