রাঙামাটিতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
রাঙামাটি শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের জেলা ডাকঘর কার্যালয় এলাকায় তাঁকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে।
নিহত ব্যক্তির নাম জয় ত্রিপুরা (২৫)। তিনি সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ও শহরের দেবাশীষ নগরের খোকন ত্রিপুরার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জয় ত্রিপুরা হাসপাতালে তাঁর এক বন্ধুর অসুস্থ বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রাত আড়াইটার দিকে বাড়িতে ফেরার পথে ডাকঘর কার্যালয় এলাকায় পৌঁছালে কয়েক যুবক তাঁর পথ রোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকেরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন জয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রথম আলোকে বলেন, জয় ত্রিপুরা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের ঘটনা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান তিনি। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।