রাঙামাটির ম্যালেরিয়া পরিস্থিতি অপরবর্তিত রয়েছে। তবে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়ায় মৃত্যু রোধে সতর্ক রয়েছে বলে সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছর রাঙামাটি জেলায় ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৩৬ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা জানান, জেলা স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ম্যালেরিয়া প্রতিরোধে ব্র্যাক ও ইউএনডিপির যৌথ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় স্বাস্থ্যকর্মীরা ‘দ্রুত রোগ নির্ণয়, দ্রুত চিকিৎসা প্রদান’ পদ্ধতিতে কাজ করছেন। যেকোনো স্থানের জ্বরের রোগীকে রক্ত পরীক্ষাসহ চিকিৎসার আওতায় আনা হচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে। এতে ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনা প্রতিরোধ সম্ভব হচ্ছে। বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালসহ কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি নেই।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসের চেয়ে আগস্টে ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। অবশ্য কিছু উপজেলায় বাড়লেও কিছু উপজেলায় কমেছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসের উপজেলাভিত্তিক ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে; সদর উপজেলায় ৭৫ ও ৫৭, বরকলে ৩৯৩ ও ৫০৪, বাঘাইছড়িতে এক হাজার ৩০ ও এক হাজার ৪০৮, কাউখালীতে ৪৪ ও ৩৯, বিলাইছড়িতে ৬০৭ ও ৫৮৫, কাপ্তাইয়ে ৩০৩ ও ১৩৯, জুরাছড়িতে ৫৭৪ ও ৪৭৭, লংগদুতে ৩৪ ও ৫১, রাজস্থলীতে ১৫০ ও ১২০ এবং নানিয়ারচরে ১০৬ ও ১০৮। জুলাই মাসে এসএমওতে (ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচি) ছয় এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে ২৪ জন শনাক্ত হলেও আগস্ট মাসে কোনো রোগী শনাক্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের ম্যালেরিয়া পরিস্থিতির প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৩৬ জন। চলতি বছরের প্রথম মাস থেকে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়ছে। আগস্ট মাসে জেলায় সবচেয়ে বেশি তিন হাজার ৪৮৮ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত করা হয়েছে। এর আগে জুলাই মাসে তিন হাজার ৩৪৬ জন, জুন মাসে দুই হাজার ৫৯৫ এবং মে মাসে ৬০৭ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছিল।
জেলার ১০ উপজেলার মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি তিন হাজার ১৩৪ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলায়। আর দুই হাজার ৮৬০ জন বিলাইছড়ি উপজেলায়, এক হাজার ৮৫০ জন জুরাছড়ি, এক হাজার ৫৬৬ জন বরকল, ৬৬৪ জন কাপ্তাই, ৪৪১ জন রাজস্থলী, ৩০৮ জন নানিয়ারচর, ১৯০ জন রাঙামাটি সদর, ১২৫ জন কাউখালী, ১২৭ জন লংগদু উপজেলায় এবং ৬৪ জন রাঙামাটি জেনারেল হাসপাতাল ও সাতজন এসএমও কর্তৃক শনাক্ত হয়েছে।
এ বছর ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেওয়া সম্পর্কে রাঙামাটি জেলা সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর একটানা বৃষ্টিপাত না হওয়ায় মশার প্রজনন বেড়েছে। কারণ, একটানা বৃষ্টিপাত না হলে পাহাড়ের বিভিন্ন গর্ত ও ছড়ায় পানি জমে মশার
প্রজননে সুবিধা হয়। সিভিল সার্জন জানান, ম্যালেরিয়াপ্রবণ এলাকাগুলোর মধ্যে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আগস্ট মাসেও রোগীর সংখ্যা বাড়তি অবস্থায় ছিল। তবে আগস্ট মাসের প্রথম থেকে বিলাইছড়ি উপজেলার ফারুয়াসহ বেশ কয়েকটি উপজেলায় রোগীর সংখ্যা কমে এসেছে। ম্যালেরিয়া রোগ প্রতিরোধে সার্বক্ষণিক তৎপরতা এবং বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা বলেন, মারাত্মÄক ম্যালেরিয়া না হলে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি করা হয় না।
তা ছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও ইউএনডিপির স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া প্রতিরোধে জেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।