রাঙামাটিতে শপথ গ্রহণ শেষে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার
রাঙামাটির সদর ও নানিয়ারচর উপজেলার নবনির্বাচিত চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তার চারজন হলেন নানিয়ারচর উপজেলা সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউপির প্রমোদ বিকাশ খীসা, ঘিলাছড়ি ইউপির অমল কান্তি চাকমা ও রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কানন চাকমা। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে নির্বাচিত রাঙামাটির সদর ও নানিয়ারচর উপজেলার ১০টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার। বেলা তিনটার দিকে জেলা প্রশাসন হল রুম থেকে শপথ গ্রহণ শেষে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এমন সময় রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আজ পুলিশের কাছে তথ্য আসে, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার চার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শপথ নেবেন। পরে জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। চারজনই চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের নির্বাচিত চেয়ারম্যান। মঙ্গলবারই আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যা মামলা এখন আদালতে বিচারাধীন। এ মামলায় নবনির্বাচিত চারজন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। ওই চারজনকে গ্রেপ্তার করার বিষয়টি তিনি শুনেছেন।
২০১৮ সালের ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। উপজেলা পরিষদের সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি মারা যান। ওই ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রধানসহ ওই চারজনের নামে হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জামিনে থাকা অবস্থায় ২০২১ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে চারজনই স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।