রাঙামাটিতে হঠাৎ ধসে পড়ল ৬ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের শহীদ আবদুল আলিম একাডেমি উচ্চবিদ্যালয়ের পাশে হঠাৎ ছয়টি দোকানঘর ধসে পড়েছে। টানা বৃষ্টিতে খুঁটির গোড়া থেকে মাটি সরে গিয়ে এ ধসের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রিজার্ভ বাজারের হঠাৎ বিকট শব্দ হয়। পরে স্থানীয় লোকজন দেখতে পায় ছয়টি দোকান ধসে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসেন। ধসের ঘটনায় পাঁচটি দোকান ভেঙে কাপ্তাই হ্রদের পাড়ে অন্তত ১০০ ফুট নিচে পড়ে গেছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছয়টি দোকান ধসে পড়ে আছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বৃষ্টিতে খুঁটির গোড়া থেকে মাটি সরে গিয়ে ছয়টি দোকান ধসে পড়েছে। কাপ্তাই হ্রদের পাড়ে একটি গাছে ধসে পড়া দোকানঘরগুলো আটকে গিয়ে কিছুটা ক্ষয়ক্ষতি কমেছে।