
কিছুতেই পাহাড়ধস আতঙ্ক কাটছে না রাঙামাটিতে। গতকাল রোববার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশের ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে প্রায় ৫০টি পরিবার। এসব পরিবারের সদস্যরা এত দিন নিজের ঘরেই ছিলেন। বৃষ্টি মনে ভয় ধরিয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারের।
শহরের রূপনগর এলাকার সবলা বেগম বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে ছুটছিলেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি হওয়ায় একটু ভয় লাগছে। ঘর ছেড়ে ছেলে-মেয়েদের নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছি।’
সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা শহরের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় হ্যান্ড মাইক নিয়ে লোকজনকে পাহাড়ধসের বিষয়ে সতর্ক করছিলেন। লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছিলেন তাঁরা। রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, ‘বৃষ্টি বেশি হচ্ছে। তাই নতুন করে পাহাড়ধসের ঝুঁকি দেখা দিয়েছে।
গত মঙ্গলবারের পাহাড়ধসের ঘটনায় রাঙামাটিতে এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত এই সংখ্যা ছিল ১১২। রাঙমাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাত প্রথম আলোকে বলেন, পাহাড়ধসে আহত এক শিশুকে শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন স্বজনেরা। পথে সে মারা যায়। এই পাহাড়ধসে আহত নবী হোসেন (৪৬) নামের এক ব্যক্তি গতকাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া মো. নূর হোসেন (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে গত শনিবার দাফন করেন স্বজনেরা।
এদিকে প্রবল বর্ষণে খাগড়াছড়িতে গতকাল ভোরে আবারও পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। সকাল ৬টায় জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদুংছড়ায় ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে মারা গেছে দুই শিশু। এর দুই ঘণ্টা পর সকাল ৮টায় জেলার লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কারবারিপাড়া এলাকায় পাহাড়ধসে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে খাগড়াছড়িতে পাহাড়ধসে ৪ জন নিহত হয়েছে।
সব মিলিয়ে পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এ পর্যন্ত ১৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
লোকজনের ভিড় বাড়ায় রাঙামাটি সদর উপজেলায় রাতে আরও ২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মোট ১৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় আড়াই হাজার মানুষ অবস্থান করছেন। পাহাড়ধসে যাঁদের ঘর ভাঙেনি, তাঁদের অনেকেই অবশ্য বৃষ্টি কমলে আবার ঘরে ফিরে যাচ্ছেন।
রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে গতকাল নতুন করে আশ্রয় নিয়েছেন ভেদভেদী পোস্ট অফিস কলোনির রীতা রানী ঘোষ ও তাঁর দুই মেয়ে। ভেদভেদীর নতুন পাড়া থেকে দুই ছেলে ও দুই বোনকে নিয়ে এখানে উঠেছেন ফাতেমা বেগম।
রাঙামাটি সরকারি কলেজ ও টেলিভিশন উপকেন্দ্রে অবস্থানরত নারীরা শৌচাগার ব্যবহার করা নিয়ে সমস্যার কথা গতকাল এই প্রতিবেদকে জানান। ২টি আশ্রয়কেন্দ্রে পানির সমস্যার কথাও বলেছেন তাঁরা। তা ছাড়া সময়মতো খাবার দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন কয়েকজন নারী। গতকাল রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে দুপুরের খাবার পৌঁছায় বেলা পৌনে তিনটায়। ওই কেন্দ্রে আশ্রয় নেওয়া নাজমা আখতার বলেন, খাবার আসতে দেরি হওয়ায় বাচ্চারা বেশি কষ্ট পায়।
সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া সিরাজুল ইসলামের এক বছর বয়সী মেয়ে তামান্না জ্বর এবং কাশিতে ভুগছিল। গতকাল আশ্রয়কেন্দ্র থেকে মেয়েটিকে ওষুধপত্র দেওয়া হয়। কেন্দ্রে চিকিৎসকদের একটি দল কাজ করছে।
রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান দুপুরে তাঁর সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত ত্রাণ রয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সোমবারের (আজ) মধ্যে পাওয়া যাবে। জ্বালানি তেলসহ ভোগ্যপণ্যের কোনো সংকট নেই বলেও দাবি করেন তিনি।
এদিকে ব্যবসায়ীরা যাতে চট্টগ্রাম থেকে নিত্যপণ্য আনতে পারেন, সে জন্য ২টি স্টিমারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ২টি স্টিমারে বিনা ভাড়ায় পণ্য আনতে পারবেন ব্যবসায়ীরা। পণ্যের দাম যাতে কেউ বাড়াতে না পারে, সে জন্য শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। বাড়তি দাম রাখায় গতকাল এক সবজি বিক্রেতাকে সাত দিনের কারাদণ্ড ও আরেকজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
রাঙামাটি শহরের বাজার পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হয়েছে বলে জানান বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি আবু সৈয়দ। তিনি বলেন, এখন মাত্র ২০ শতাংশ পণ্যের ঘাটতি রয়েছে। এটা বাজারে তেমন প্রভাব ফেলছে না।
এদিকে ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মানজারুল মান্নান দাবি করেন, সব দলের লোকজনকে ডেকেছেন তিনি। কিন্তু সবাই আসেনি। দুর্যোগ মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, বেসরকারিভাবে ত্রাণ বিতরণে কোনো সমস্যা নেই। তবে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় দরকার। সবাই রাস্তার পাশের কেন্দ্রে ত্রাণ দিতে চায়। একটু দূরের আশ্রয়কেন্দ্রে কেউ যেতে চায় না। ত্রাণ নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিত দেখা না দেয়, সে জন্য আগে প্রশানকে জানালে ভালো হয়।
এদিকে রাঙামাটির পাহাড়ি এলাকায় নির্বিচারে গাছ কাটা ও পাহাড় উজাড় করার বিষয়টি তদন্ত করা এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে গতকাল পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বড়লেখায় টিলা ধসে মা-মেয়ের মৃত্যু
প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলার বড়লেখা উপজেলায় প্রবল বৃষ্টিতে টিলার মাটি ধসে দুজন মারা গেছেন। নিহতেরা সম্পর্কে মা ও মেয়ে। এদিকে টিলার নিচে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরে যাওয়ার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। কিন্তু কেউ সরে যায়নি।
গত শনিবার সোয়া তিনটার দিকে উপজেলা সদর ইউনিয়নের ডিমাই এলাকার বিওসি কেচরিগুল (বাতাউড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হচ্ছেন ডিমাই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী আছিয়া বেগম (৪০) এবং মেয়ে ফাহমিদা বেগম (১৩)।
এ নিয়ে গত চার বছরে বড়লেখা উপজেলায় টিলা ধসে পাঁচজন মারা গেছেন। এদিকে বড়লেখা-ডিমাই সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যাওয়ায় ডিমাইয়ের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকে বড়লেখা এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাত তিনটার দিকে হঠাৎ করে বিওসি কেচরিগুল (বাতাউড়া) গ্রামে টিলা ধসে একটি বাড়ির ওপরে পড়ে। ঘরের ভেতরে থাকা আছিয়া ও তাঁর মেয়ে ফাহমিদা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গতকাল রোববার সকালে স্থানীয়রা মাটির নিচ থেকে তাঁদের উদ্ধার করেছেন। আছিয়া বেগমের ছেলে ফাহিম আহমদ (১৬) নানা বাড়ি থাকায় সে বেঁচে গেছে।
আছিয়া বেগমের মা নাজমা বেগম (৮০) গতকাল রোববার বলেন, ‘মেয়েকে অনেকবার বলেছি এখান থেকে সরে আসতে। কিন্তু স্বামীর ভিটা ছেড়ে যাবে না। শেষপর্যন্ত স্বামীর মতোই মাটি চাপা পড়ে মারা গেল।’ তাঁর মেয়ের জামাই (আছিয়ার স্বামী) আব্দুস ছাত্তার ২০০৫ সালে টিলার মাটি কাটার সময় মাটিচাপা পড়ে মারা গিয়েছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘টিলার মধ্যে টিন ও বেড়ার ঘর ছিল। টিলার মাটি ধসে ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা-মেয়ে দুজন মারা গেছে।’
এদিকে দুজনের মৃত্যুর ঘটনার পর বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসন থেকে ভুক্তভোগীর পরিবারকে জন্য জিআর থেকে ৩০ কেজি চাল, ভিজিএফের ১০ কেজি চাল এবং নগদ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদও ২৫ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে।
এদিকে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনার পর টিলার নিচে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরে যাওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। মসজিদ ও স্থানীয়ভাবে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু কেউ সরে যায়নি। এ ছাড়া কতজন মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে- এর কোনো পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে তাঁরা মাইকিং করেছেন। কিন্তু কেউ কথা শুনতে চায় না। গত শনিবার একটা ঘটনা ঘটেছে। এখন বাসিন্দারা এখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নেবেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় কতজন বসবাস করছেন এ মুহূর্তে এর হিসাব নেই। তবে এখানে খুব বেশি লোক নেই। একেবারে দরিদ্র লোকজনই টিলার ফাঁকে ফাঁকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন। তাঁদের সরে যেতে বলা হয়েছে।