পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের চরবগলা ও জাহাজমারা এলাকার সোহরাবের খালের বাঁধ কেটে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের নির্দেশে মৌডুবি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে খালের বিভিন্ন স্থানের বাঁধ কেটে দেওয়া হয়।
বৃহস্পতিবার প্রথম আলোয় ‘খালে বাঁধ দিয়ে মাছ চাষ, কৃষকের ক্ষতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে জানানো হয়, সরকারি খালটির চারটি স্থানে বাঁধ দিয়ে দখলে নিয়ে মাছ চাষ করছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীরা। বাঁধ দেওয়ার কারণে খালে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। মাছ চাষের কারণে শুকনা মৌসুমে এই খালের পানি সেচকাজে ব্যবহার করতে দেওয়া হয়নি। এখন বর্ষার পানিতে খালের দুই পাড়ের ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে খালের বাঁধ কেটে দেওয়ার পর খেতের পানি সরে যেতে শুরু করেছে। ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য কামরুল ইসলাম বলেন, বাঁধ দেওয়ার কারণে খেতে পানি জমে থাকায় চলতি মৌসুমে আমনের বীজতলা করতে পারছিলেন না কৃষকেরা। পানি সরে যাওয়ায় খালের দুই পারের কৃষকেরা এখন খুব খুশি। তবে প্রভাবশালী ব্যক্তিরা যেন খালে বাঁধ দিয়ে আবার নিজেদের দখলে না নিতে পারে, এ ব্যাপারে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই খালে বাঁধ দেওয়ায় দুই পারের অন্তত এক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। কৃষকদের অভিযোগ এবং পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসনের নির্দেশে খালের বাঁধ কেটে দেওয়া হচ্ছে। দুই-এক দিনের মধ্যে খালের সব বাঁধ কেটে দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।