রাঙ্গুনিয়ার ইউএনও পরিচয়ে মুঠোফোনে চাঁদা দাবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুসের মুঠোফোন থেকে কয়েক দিন ধরে দুর্বৃত্তরা বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হতে পারে জানিয়ে সবাইকে সতর্ক হতে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউএনও ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।
মো. ইসকান্দর নামের উপজেলা সদরের ইছাখালী এলাকার এক ওষুধ ব্যবসায়ী বলেন, ইউএনওর মুঠোফোন থেকে গতকাল বিকেলের দিকে তাঁর কাছে ফোন আসে। অন্য প্রান্ত থেকে রাঙ্গুনিয়ার ইউএনও পরিচয় দিয়ে বলেন, তিনি চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে মন্ত্রীর সঙ্গে রয়েছেন। জরুরিভাবে তাঁর টাকা প্রয়োজন। বিকাশে টাকা পাঠাতে বলেন। বারবার টাকা পাঠানোর জন্য ফোন করলে ব্যবসায়ী ইসকান্দরের সন্দেহ হয়।
পরে তিনি রাঙ্গুনিয়া পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হককে জানালে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। একপর্যায়ে কণ্ঠস্বর শুনে তাঁর সন্দেহ হয়। পরে ইউএনওর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি ভুয়া বলে তাঁরা নিশ্চিত হন।
এ বিষয়ে ‘ইউএনও রাঙ্গুনিয়া’ নামে নিজের ফেসবুক আইডিতে গতকাল একটি স্ট্যাটাস দেন ইউএনও ইফতেখার ইউনুস। ওই স্ট্যাটাসে তিনি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হতে পারে সন্দেহ করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
ইউএনও বলেন, কয়েক দিন ধরে লোকজন কার্যালয়ে যোগাযোগ করে তাঁর মুঠোফোন নম্বর থেকে বিভিন্নজনের কাছে চাঁদা দাবির বিষয়টি তাঁকে জানান। পরে বিষয়টি তিনি রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, মুঠোফোন ট্র্যাকিং করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।