রাঙ্গুনিয়ার পাহাড়ে শুধু স্বজনের কান্না

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়া উপজেলার বগাবিলী বটতল পর্যন্ত ইটের তৈরি সড়কটির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এই বটতলে এসেই ইটের তৈরি সড়কটি শেষ হয়েছে। এরপর ধানখেতের আইল ধরে হেঁটে যেতে হয় উপজেলার রাজানগর ইউনিয়নের বালুখালীপাড়ায়। কিন্তু বৃষ্টি ও পাহাড়ের মাটি নেমে আসায় খেতে জমেছে পানি। সেই পানি ও কাদামাটি মাড়িয়ে পাড়ায় ঢুকতেই আতঙ্ক ভর করে মনে। বাড়িঘরের নিশানাও নেই। মাটির স্তূপের ফাঁকে পড়ে থাকা টিন দেখে বোঝা যায়, এখানে একসময় বসতি ছিল।
বালুখালীপাড়ার পাদদেশে দুই দিন আগেও ঘরবাড়ি ছিল। এর মধ্যে একটি বাড়ির মালিক ওমানপ্রবাসী নজরুল ইসলাম (৪০)। মঙ্গলবার ভোরে পাহাড়ধসে নজরুলসহ তাঁর পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রতিবেশী আবুল কাশেম বলেন, চার মাস আগে দেশে আসেন নজরুল। পাহাড়ধসে তাঁর স্ত্রী আসমা বেগম (৩৫), ছেলে মনজুর ইসলাম (১৫) ও মেয়ে শাহীন আক্তার (৭) মারা গেছে। তাদের বাড়িটিও মাটিচাপা পড়েছে। নজরুলের বড় মেয়ে লাকি আক্তার স্বামীর বাড়িতে থাকায় প্রাণে বেঁচে যান তিনি।
গতকাল বুধবার বেলা দুইটায় বালুখালীপাড়ায় নজরুলের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে কোমরসমান মাটি জমে আছে। মাঝখানে কিছুটা ফাঁকা। মাটি সরিয়ে বের করে আনা হয়েছে খাট, চাল রাখার ড্রাম। উঠানের একপাশে স্তূপ করে রাখা হয়েছে লেপ-তোশক। তার ওপর পড়ে ছিল প্রায় দুই বছর আগে নজরুলের ছেলে মনজুর ইসলামকে দেওয়া চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র।
নজরুলের বাড়ির পাশের আরেকটি পাহাড়ে থাকেন আবুল কাশেম ও ফয়েজ আহমেদ। তাঁরা বলেন, মঙ্গলবার সকাল আটটার দিকে তাঁরা দেখতে পান, পুরো ঘরটি মাটির নিচে। এরপর এলাকার লোকজন কোদাল, শাবল, দা দিয়ে মাটি কেটে চারজনকে মৃত উদ্ধার করেন। পাহাড়ি ঢলের কারণে পুরো এলাকা ডুবে থাকায় নৌকায় করে পাশের রাজানগর চৌধুরীপাড়ার কবরস্থানে চারজনকে দাফন করেন তাঁরা।
গত মঙ্গলবার পাহাড়ধসে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৫টি পরিবারের ২২ জন নিহত হন। এর মধ্যে ইসলামপুর ইউনিয়নে ৩ পরিবারের ১৪ জন এবং রাজানগর ইউনিয়নে ২ পরিবারের ৮ জন।
নজরুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৩০ মিনিটের হাঁটাপথ দূরত্বে আরেকটি পাহাড়ের পাদদেশে দুই মেয়ে ঈশা সিদ্দিকা (৬) ও ইমা আক্তার (১) এবং স্ত্রী মণি আরা বেগমকে (৪০) নিয়ে থাকতেন দোকানকর্মী মোহাম্মদ ইসমাইল। মঙ্গলবার ভোরে পাহাড়ধসে এই পরিবারের সবাই মারা গেছে।
ইসমাইলের প্রতিবেশী মতিউর রহমান বলেন, মাটি কেটে যখন চারজনের লাশ উদ্ধার করা হয়, তখন তাঁরা সবাই জড়াজড়ি করে শুয়ে ছিল।
ধস হওয়া পাহাড়গুলোর মধ্যে সরকারি পাহাড়ের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন পাহাড় রয়েছে বলে জানান রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, পাহাড়ধস ও পাহাড়ি ঢলে উপজেলায় ২৫ জন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছে ৬২ জন।
ইসলামপুরে ৩ পরিবারের ১৪ সদস্য নিহত রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের টেকপাড়ায় ৩ মেয়ে, ২ ছেলে ও বড় ছেলের স্ত্রী, দেড় বছরের নাতনিকে নিয়ে মমতাজ বেগমের সংসার। মঙ্গলবার ভোরে পাহাড়ধসে মাটিতে মিশে গেছে তাঁর বেড়ার ঘরটি। মারা গেছে এই নারীর পরিবারের ছয় সদস্য। নিহত হয়েছে তাঁর বড় ছেলে জাহেদুল ইসলাম (২৫), জাহেদুলের স্ত্রী মুন্না আক্তার (১৯), মেয়ে জ্যোৎস্না আক্তার (১৬), আনোয়ারা আক্তার (১৪), পারুয়া আক্তার (১০) ও দেড় বছর বয়সী নাতনি মীম আক্তার। ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান মমতাজ বেগম ও তাঁর এক ছেলে মো. সোহাগ।
ছেলে, ছেলের বউ, নাতনি, মেয়ে হারানো মমতাজ বেগম ও তাঁর ছেলের আশ্রয় হয়েছে প্রতিবেশী মোহাম্মদ ইউসুফের বাড়িতে। গতকাল সকাল সাড়ে নয়টা সেখানে গিয়ে দেখা যায়, সব হারিয়ে নিস্তব্ধ মোহাম্মদ সোহাগ। পাশে বসে থাকা মমতাজ বেগম কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমার মানিক কই গেল, আমার মানিক কই গেল...।’
মমতাজ বেগমের প্রতিবেশী বৃদ্ধ লাল মিয়া প্রথম আলোকে বলেন, সাহ্রি খাওয়ার পর ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর একটি বিকট শব্দ শোনেন তাঁরা। বাইরে এসে দেখেন, পাহাড়ের মাটির নিচে চাপা পড়ে আছে মমতাজ বেগমের ঘর। মাটির ধাক্কায় মমতাজ বেগম অনেক দূরে ছিটকে যাওয়ায় প্রাণে রক্ষা পান। অন্যরা মাটির নিচেই চাপা পড়ে মারা যান। সোহাগের শরীর মাটিতে চাপা পড়লেও মুখ ছিল ওপর। এ কারণে ছেলটি বেঁচে যায়।