রাঙ্গুনিয়ায় কাদায় আটকে যাওয়া অসুস্থ বন্য হাতির চিকিৎসা চলছে সাফারি পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার দুপুরে হাতিটি ট্রাকে করে ডুলাহাজরা নিয়ে যাওয়া হয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয়ে এসে কাদায় আটকে যাওয়া অসুস্থ বন্য হাতিটির চিকিৎসা চলছে। বন্য হাতিটি বর্তমানে চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে চিকিৎসাধীন।

এর আগে গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার কোদালা ইউনিয়নের লট কোদালা নুরুর ঘোনা থেকে হাতিটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের ২৯ তারিখ রাতে হাতিটি উপজেলার শিলক ইউনিয়নের তৈলাভাঙ্গা বিলে কাদায় আটকে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় বন বিভাগ ১০ ঘণ্টা পর হাতিটি উদ্ধার করে বনে ফিরিয়ে দেয়।

এর পর থেকে বেশ কয়েকবার হাতিটি লোকালয়ে চলে আসে। যতবার আসে ততবারই বন বিভাগ ও স্থানীয় লোকজন হাতিটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করে। সবশেষ গতকাল লোকালয়ে আসার পর হাতিটি কোনো খাবার খাচ্ছিল না।

জানতে চাইলে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, হাতিটি অসুস্থ হয়ে বারবার লোকালয়ে চলে আসছিল। তাই হাতিটির উন্নত চিকিৎসা জন্য ডুলাহাজরা নিয়ে যাওয়া হয়েছে। ৬ মে হাতিটি লোকালয়ে এলে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইন পুশ করা হয়, খাবারও খাওয়ানো হয়। আজ শনিবার সকালে জানা গেছে, হাতিটি খাবার খাচ্ছে। তাকে কলা, শসা ও বরবটি খেতে দেওয়া হয়েছে।