রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্য হাতি
ফাইল ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে খেত পাহারা দিতে বের হয়ে আবদুল আজিজ (৬৫) নামের ওই কৃষকের মৃত্যু হয়। আজ শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

আবদুল আজিজের (৬৫) বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপারা গ্রামে।

নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে রাতে পাহাড় থেকে নেমে বন্য হাতির দল ওই কৃষকের খেত নষ্ট করে দিচ্ছিল। গতকাল রাত আটটার দিকে ওই খেত পাহারা দিতে যান আবদুল আজিজ। এরপর রাতে আর তিনি ফেরেননি।
কৃষক আবদুল আজিজের প্রতিবেশী স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, আজ সকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই পাহাড়ি এলাকায় গেলে আজিজের লাশ দেখতে পান। শরীরে হাতির পায়ে পিষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় বন্য হাতি তাঁর ওপর আক্রমণ করে বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

জানতে চাইলে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছেন। ঘটনাস্থলে বন বিভাগের লোক যাচ্ছেন।