রাঙ্গুনিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আসামি ১২
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. ইউনুস মিঞা নামের একজন নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার দুজনকে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার রাত ১২টার দিকে মামলাটি করেন ইউনুস মিঞার ছেলে মো. রাসেল। মামলার পর রাতেই দুই আসামি মো. এহছান (২৫) ও মো. আরাফাতকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলায় হোছনাবাদ ইউপির চেয়ারম্যান মির্জা সেকান্দার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে জানতে হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দার হোসেনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খামারীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মো. ইউনুস মিঞা। চিকিৎসক জানিয়েছিলেন, ওই ব্যক্তির ডান হাতের আঙুলে কাটা দাগ ছাড়া আর কোথাও আঘাতের চিহ্ন নেই।