রাঙ্গুনিয়ায় ৬ সরকারি কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৬ সরকারি কর্মকর্তাসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ পাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ছয় কর্মকর্তা কৃষি, মৎস্য ও পল্লী উন্নয়ন কার্যালয়ের। আবার এর মধ্যে এক কর্মকর্তার স্ত্রী ও অন্য এক কর্মকর্তার দুই বছরের সন্তানও আছে। বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা উপজেলার সরকারি কোয়ার্টারে থাকেন। করোনায় আক্রান্ত অন্য দুই ব্যক্তির বাড়ি পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও ও সৈয়দবাড়ি এলাকায়।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত আজ রোববার বলেন, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ৩ মে তাঁদের নমুনা পাঠানো হয়। তাঁরা সবাই বাসায় আছেন। তাঁদের বাড়িতে চিকিৎসা দেওয়া হবে নাকি হাসপাতালের আইসোলেশনে নেওয়া হবে, সেটা পরে জানানো হবে। এর আগেও রাঙ্গুনিয়ায় একজনের করোনায় আক্রান্ত হয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমানে মাঠে কাজ করতে হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কাজে মানুষের সংস্পর্শে যাওয়ার কারণে সংশ্লিষ্ট সবার নমুনা পরীক্ষা করানো হচ্ছে। এই ঘটনায় সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কোনো কর্মকর্তা করোনা পজিটিভ হলে নিয়মানুযায়ী তাঁর বাসা লকডাউন হবে। তবে ইউএনও এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন।