রাজকীয় পোশাকে এলেন রাজা, সঙ্গে সৈন্য–সামন্ত
রাজা সাচিংপ্রু চৌধুরীর পরনে রাজকীয় পোশাক। ধীর পায়ে সভাস্থলে এসে বসলেন সিংহাসনে। তাঁর পেছনে তরবারি হাতে উজির, নাজির ও সৈন্য–সামন্ত। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ির মং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব এমন জমকালোভাবেই শুরু হলো।
তিন দিনব্যাপী এই উৎসব এবার করোনার কারণে সীমিত পরিসরে হচ্ছে। প্রতিবছরের মতো আয়োজিত হচ্ছে না পুণ্যাহর মেলা।
আজ শুক্রবার সকালে খাগড়াছড়ির মহালছড়া এলাকায় রাজবাড়ি মাঠে রাজপুণ্যাহের আয়োজন করা হয়। রাজসিংহাসনে আরোহণ করার পর আমন্ত্রিত অতিথি, হেডম্যান, কার্বারি ও প্রজারা রাজাকে শুভেচ্ছা জানান। পরে খাগড়াছড়ির চার সম্প্রদায়ের শিল্পীরা একটি সম্প্রীতির নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, সহকারী পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রমুখ।
রাজা সাচিংপ্রু চৌধুরী বলেন, এবারের রাজপুণ্যাহের প্রত্যাশা, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনাকে সমুন্নত রাখা, ১৯০০ সালের শাসনবিধি (হিলট্র্যাক্ট ম্যানুয়েল) কার্যকর করা, হেডম্যান কার্বারিদের সম্মানী বৃদ্ধিসহ ক্ষমতায়ন করা, হেডম্যান কার্বারিদের কার্যালয় নির্মাণসহ স্থায়ী বাসিন্দাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।
রাজপুণ্যাহ রীতি অনুযায়ী মং সার্কেলের মৌজাপ্রধানরা (হেডম্যান) ৬০০ টাকা এবং রাজার স্বীকৃত গ্রামপ্রধানরা (কার্বারি) ৩০০ টাকা করে নজরানা দেন। এটি বর্তমান রাজা সাচিংপ্রু চৌধুরীর সপ্তম রাজপুণ্যাহ।
রাজপুণ্যাহ উদ্যাপন কমিটির সদস্যসচিব গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী বলেন, আগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুণ্যাহ উদ্যাপন করা হলেও করোনার কারণে এবার রাজপুণ্যাহ সীমিত পরিসরে উদ্যাপন করা হচ্ছে।
দ্বিতীয় দিন কাল শনিবার মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী হেডম্যান এবং কার্বারিদের সঙ্গে দিনব্যাপী আলোচনা করবেন। তৃতীয় দিন নারী হেডম্যান ও নারী কার্বারিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।