রাজধানীতে কঠোর নিরাপত্তা
‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে ঢাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁরা কোথাও মানুষের জমায়েত হতে দিচ্ছেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও হাতিরঝিলসহ কিছু এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বাদে কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গুলশান, বনানী ও বারিধারায় প্রায় প্রতিটি মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়েছ। র্যাবের একটি হেলিকপ্টারও ওই এলাকায় টহল দিয়েছে।
এর আগে শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে থার্টি ফার্স্টের নিরাপত্তা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গানবাজনা করা, আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ছাদে অনুষ্ঠান করে প্রতিবেশী ও এলাকাবাসীকে বিরক্ত করা যাবে না।
ডিএমপি কমিশনার বলেন, চার দেয়ালের মধ্যে যদি কেউ নববর্ষ উদ্যাপন করতে চান, তাতে কোনো বাধা নেই। তবে অনুষ্ঠানের আগেই পুলিশকে জানাতে হবে। রাস্তায় যদি কেউ অপ্রীতিকর কাজ করে, তাকে আইনের আওতায় আনা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, নগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়, রাত আটটার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। এ সময়ের মধ্যে গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের নিজ নিজ এলাকায় ফিরতে অনুরোধ করা হয়েছে। একই সময়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাইরের কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।