রাজধানীর আবদুল্লাহপুরে বেড়েছে গাড়ির চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে পিকআপ ভ্যান, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন বাহনে মানুষ যাতায়াত বেড়েছে। আজ দুপুরে রাজধানীর প্রবেশদ্বার আবদুল্লাহপুর মোড়ে
ছবি: প্রথম আলো

চলমান কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে সকাল থেকেই রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে ছোট-বড় যানবাহনের চাপ বেড়েছে। এসব যানবাহনে কেউ ঢাকার বাইরে যাচ্ছেন, কেউবা ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন। এ ছাড়া আশপাশের সড়কগুলোতেও বেড়েছে মানুষের আনাগোনা।

তল্লাশিচৌকিতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, যাতায়াতকারী ব্যক্তিদের বেশির ভাগই জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হয়েছেন বলে কারণ দেখাচ্ছেন। বিশেষ করে করোনাভাইরাসের টিকা নিতে কিছু মানুষ ঢাকায় ঢুকছেন, আবার কেউ পাশের জেলা শহরে যাচ্ছেন। এতে তল্লাশিচৌকিতে গত কয়েক দিনের তুলনায় যানবাহনের চাপ বেড়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, তল্লাশিচৌকিটি ঘিরে অসংখ্য পুলিশের জটলা। কোনো যানবাহন আসতে দেখলেই গতি রোধ করে ট্রাফিক পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। এ ক্ষেত্রে যৌক্তিক কারণ দেখাতে না পারলে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছিলেন তাঁরা।

এ সময় কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে দেওয়ার অনুমতির জন্য অনেককেই পুলিশ সদস্যদের কাছে অনুরোধ করতেও দেখা যায়। এতে তল্লাশিচৌকির পেছনে তৈরি হয়েছে যানবাহনের জটলা। মূলত পিকআপ ভ্যান ও ব্যক্তিগত গাড়িতেই বেশির ভাগ মানুষকে যাতায়াত করতে দেখা যায়।

এ সময় মহাখালী থেকে আসা একটি পিকআপ ভ্যানে প্রায় ১০ জনকে ময়মনসিংহে যেতে দেখা যায়। তল্লাশিচৌকির কাছে আসতেই গাড়িটির গতি রোধ করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানান, আত্মীয় মারা গেছেন, তাই দ্রুত বাড়িতে যেতে হবে। মানবিক কারণ বিবেচনায় পুলিশ সদস্যরা ওই গাড়ি ছেড়ে দেন।

তল্লাশীচৌকিতে যৌক্তিক কারণ দেখাতে পারলে তবেই পুলিশ গাড়িগুলোকে যেতে দিচ্ছেন
ছবি: প্রথম আলো

ওই সময় তল্লাশিচৌকিতে দাঁড়িয়ে থাকা এমন অনেককেই অসুস্থতাসহ বিভিন্ন কারণ দেখিয়ে যেতে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়।

তল্লাশিচৌকিতে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি ট্রাফিক) মো. রফিকুল ইসলাম বলেন, ‘সড়কে যানবাহনের চাপ তুলনামূলকভাবে আগের চেয়ে বেড়েছে। এর মধ্যে অধিকাংশই রোগী বা টিকা দেওয়ার জন্য বেরিয়েছেন বলে কারণ দেখাচ্ছেন। তবে যৌক্তিক কারণ দেখাতে পারলেই তাঁদের ছেড়ে দিচ্ছি, অন্যথায় তাঁদের গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে।’