রাজধানীর কোনো কোনো এলাকায় তীব্র গ্যাসসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসের শুরু থেকেই রাজধানী ঢাকার কোনো কোনো এলাকায় কিছুটা গ্যাসসংকট ছিল। কোথাও দিনে, কোথাও রাতে গ্যাসের চাপ কম থাকত। কোথাও বা একেবারেই থাকত না। কিন্তু কয়েক দিন ধরে এই সংকট তীব্র হয়ে উঠেছে।
মোহাম্মদপুর, মিরপুরসহ নগরের কোনো কোনো এলাকায় সেহ্রি ও ইফতারের সময় চুলা জ্বালানো যাচ্ছে না। এই গ্যাসসংকটের কারণ কী—উৎপাদন বা সরবরাহ কমে যাওয়া? কোথাও সঞ্চালন বা বিতরণ লাইনে কোনো সমস্যা? পেট্রোবাংলা বা গ্যাস সঞ্চালন কোম্পানি (জিটিসিএল) থেকে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।
অবশ্য ঢাকাসহ দেশের দুই-তৃতীয়াংশ গ্রাহকের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম এই সংকটের কয়েকটি কারণের কথা জানিয়েছেন। প্রথম কারণ, দীর্ঘদিন বন্ধ রাখার পর কয়েক দিন আগে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ইউরিয়া সার কারখানা চালু হয়েছে। সরকারি খাতের সবচেয়ে বড় এই সার কারখানায় গ্যাস ব্যবহার শুরু হওয়ায় তিতাসের সিস্টেমে গ্যাসের সরবরাহ ও চাপ কমেছে।
দ্বিতীয় কারণ, আশুগঞ্জে নতুন তৈরি কম্প্রেসর চালু করা। এটি চালু হওয়ায় এবং এর মাধ্যমে গ্যাসের চাপ ও প্রবাহ নিয়ন্ত্রণ না করায় তিতাসের লাইনে গ্যাসের প্রবাহ কমেছে, বেড়েছে বাখরাবাদের লাইনে। তাতে চট্টগ্রামের দিকে কিছুটা বেশি চাপে গ্যাসের সরবরাহ বেড়েছে। তৃতীয় কারণ, বিকেল পাঁচটার পর থেকে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য তিতাসের ওপর অব্যাহত চাপ। বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে যতটা সম্ভব বেশি গ্যাস দিতে হচ্ছে। তাতে অন্যান্য গ্রাহকের লাইনে চাপ কিছুটা কমে যাচ্ছে।
চতুর্থ কারণ, অবৈধ ব্যবহার। মোহাম্মদপুর ও মিরপুরের বেড়িবাঁধসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চলে বিপুলসংখ্যক অবৈধ গ্রাহকের কারণে ওই এলাকায় প্রায়ই গ্যাসের চাপ কম থাকে। ঢাকার চারপাশেও অসংখ্য অবৈধ গ্রাহক ও বিতরণ লাইন গ্যাসের সুষ্ঠু বিতরণব্যবস্থা বিঘ্নিত করছে। এমনকি জাতীয় গ্রিডেও ছিদ্র করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিপজ্জনক উদ্যোগ দেখা যাচ্ছে (সম্প্রতি নরসিংদীতে এমন ঘটনা ঘটেছে)। এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় এই প্রবণতা বাড়ছে। এসব কারণে ব্যাহত হচ্ছে বৈধ বিতরণব্যবস্থা।
এসব কারণের সঙ্গে বৈধ গ্রাহকের কোনো যোগসূত্র নেই। কাজেই তাঁদের গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে কীভাবে—এ প্রশ্নের জবাবে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা তুলে ধরেছেন। যমুনা সার কারখানা অনেক দিন বন্ধ ছিল। ঈদ পর্যন্ত আর মাত্র এক সপ্তাহ বন্ধ রাখা সম্ভব হলে সমস্যা অনেক কমে যাবে। এ ছাড়া আশুগঞ্জ কম্প্রেসরের মাধ্যমে লাইনে প্রবাহিত বাড়তি গ্যাস কোন দিকে কতটা সরবরাহ করা হবে, তা নির্ধারণ করে নিয়ন্ত্রণ করতে হবে। অবৈধ লাইন করে যাঁরা গ্যাস ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এগুলো না করা হলে সব গ্রাহকেরই দুর্ভোগ হবে। কারও পক্ষেই সুষ্ঠুভাবে গ্যাস ব্যবহার করা সম্ভব হবে না।