রাজনগরে জ্বর-শ্বাসকষ্টে ব্যবসায়ীর মৃত্যু, পরিবার কোয়ারেন্টিনে

মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আজ শনিবার সকালে এক গ্রামীণ ব্যবসায়ী (৪৫) মারা গেছেন। স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করেছে। মৃত ব্যক্তির পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার বাজারে ওই ব্যক্তির একটি ছোট দোকান ছিল। বেশ আগে থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। মাঝেমধ্যে তাঁর অসুস্থতা বেড়ে যেত। দুদিন ধরে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। সকাল ১০টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। স্বাস্থ্য বিভাগ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন-কাফন সম্পন্ন করতে বলা হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন তওহীদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘একজন দোকানদার অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁর জ্বর ছিল। লোকজন সন্দেহ করছে। আমাদের লোক পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য পাঠাব। তাঁর স্ত্রীরও সর্দি-কাশি আছে। স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। কোয়ারেন্টিনে থাকবে।’