রাজবাড়ীতে আবারও পদ্মায় ভাঙন, নতুন করে ১০০ মিটার বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী গর্ভে বিলীন হওয়ার হাত থেকে বাঁচাতে গাছটি কেটে ফেলছেন স্থানীয়রা। আজ দুপুরে গোদার বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

রাজবাড়ী শহরের ধুঞ্চির গোদার বাজার এলাকায় শহর রক্ষা বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভাঙনে অন্তত ১০০ মিটার এলাকার ব্লক পদ্মায় বিলীন হয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ভাঙনের কারণে বেড়িবাঁধসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সুমন বিশ্বাস ও ফাহিম ফকীর বলেন, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে ভাঙন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন বাড়তে থাকে। ভাঙনের স্থান থেকে কয়েক মিটারের মধ্যে শহর রক্ষা পাকা রাস্তা। পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা আছে। ভাঙনের কারণে এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন তাঁরা।

রাজবাড়ীর পাঁচ উপজেলার মধ্যে চারটিই পদ্মা নদীর পাড়ে অবস্থিত। এসব উপজেলার মধ্যে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা বিভিন্ন এলাকায় বেশি ভাঙনের শিকার হয়। প্রতিবছর সাধারণত পানি বাড়ার সময় ভাঙন দেখা দেয়। আবার পানি কমতে শুরু করলেও ভাঙন দেখা দেয়। ভাঙনে ইতিমধ্যে কয়েকটি গ্রাম বিলীন হয়ে গেছে।

পাউবো সূত্রে জানা যায়, পদ্মা নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ৩৭৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় সাড়ে চার কিলোমিটার এলাকায় পদ্মা নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের ব্যয় ধরা হয়েছে ১৬৭ কোটি টাকা। এ ছাড়া একই এলাকায় খনন করা হবে। খননে ব্যয় ধরা হয়েছে ১৩৫ কোটি টাকা। কাজের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা শিপইয়ার্ড লিমিটেড। কাজ বাস্তবায়ন করছে মেসার্স দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল)। কাজ সম্পন্ন করার মেয়াদ ছিল ২০২০ সালের ৩১ মে। কাজের মেয়াদ এক বছর বাড়ানো হয়।

বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর উদ্যোগ নিয়েছে পাউবো
ছবি: এজাজ আহম্মেদ

অপর দিকে গোদার বাজার এলাকায় দেড় কিলোমিটার এলাকার সংস্কারকাজ ২০১৯ সালে শুরু হয়। কাজ সম্পন্ন হয় চলতি বছরের ৩১ মে। ২৭ জুলাই থেকে এই এলাকায় ভাঙন শুরু হয়। এরপর থেকে বিচ্ছিন্নভাবে পদ্মা নদীতে ব্লক দিয়ে সংরক্ষিত এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। ভাঙন শুরু হলে সেখানে বালুর বস্তা ফেলা হয়।

জানতে চাইলে পাউবোর প্রকৌশলী মো. আবদুল আহাদ বলেন, ‘কাজ যথাযথভাবে করা হয়েছে। কিন্তু নদীর গতিপথ পরিবর্তনের কারণে বিভিন্ন পয়েন্টে ছোট ছোট ভাঙন দেখা দিয়েছে। এতে আমাদের কিছুই করার নেই। আজ সকাল থেকে ১০০ মিটার ভাঙন হয়েছে। আমরা ভাঙন রোধের জন্য সকাল থেকেই বালুর বস্তা ফেলছি। আশা করছি, এই স্থান আর ভাঙবে না।’