রাজবাড়ীতে আরও ২০ জন শনাক্ত, বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি বন্ধ

রাজবাড়ীতে আজ রোববার চিকিৎসকসহ নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১৫ জনে। এদিকে এক চিকিৎসক ও চিকিৎসাধীন এক রোগীর করোনা শনাক্ত হওয়ায় জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি ও বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, নতুন করে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ছয়জন, বালিয়াকান্দি উপজেলায় সাতজন, কালুখালী উপজেলায় চারজন ও গোয়ালন্দ উপজেলায় তিনজন আছেন। ৮ জুন তাঁদের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল শনিবার এসব নমুনা পরীক্ষা শেষে রোববার বিকেলে ঢাকা থেকে ফলাফল পাওয়া যায়।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাফিন জব্বার বলেন, তিনিসহ মোট চারজন চিকিৎসক উপজেলায় কর্মরত আছেন। একজন চিকিৎসক ও স্বাস্থ্য কমপ্লেক্সের রাঁধুনির করোনা পজিটিভ এসেছে। এ ছাড়া গত রোববার হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন ইসিজি করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ তাঁরও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এতে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের করোনায় সংক্রমিত হওয়ায় আশঙ্কা রয়েছে।
শাফিন জব্বার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা সীমিত করা হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধু জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। নতুন করে আর কোনো রোগী ভর্তি নেওয়া হবে না। এ ছাড়া বহির্বিভাগেও আপাতত চিকিৎসাসেবা দেওয়া হবে না।