রাজবাড়ীতে এক নারীকে দুবার টিকা পুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এক নারীকে দুবার কোভিড-১৯–এর টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম ইসমাত আরা (৩১)। তিনি নারুয়ার বিলটাকাপোড়া গ্রামের কৃষক লীগের নেতা নাহিদুল হকের স্ত্রী।

নাহিদুল হকের ভাষ্য, বেলা সাড়ে ১১টার দিকে তাঁর স্ত্রী টিকা নিতে যান। টিকাকেন্দ্রে কোনো শৃঙ্খলা ছিল না। প্রথমে তাঁর নিবন্ধন কার্ড জমা নেওয়া হয়। এরপর প্রথমে তাঁর বাঁ হাতে টিকা দেওয়া হয়। টিকা দেওয়া সম্পন্ন হলে তাঁকে অপর পাশের একটি বেঞ্চে কিছুক্ষণ বসে থাকতে বলা হয়। সেখানে বসার দুই মিনিটের মধ্যে আরেকটি টিকা দেওয়া হয়। তাঁর স্ত্রীকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই টিকা দেওয়া হয়েছে। এটা স্বাস্থ্যকর্মীর দায়িত্বে অবহেলা বলে তিনি অভিযোগ করেন।

নাহিদুল হক আরও বলেন, তাঁর স্ত্রী ইসমাত আরার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁকে কল করেছিলেন। স্ত্রীকে নিয়ে তিনি উপজেলায় যাবেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীতে মোট ৫২টি কেন্দ্রে গণটিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। এর মধ্যে রাজবাড়ী সদর পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়টি কেন্দ্র, পাংশা পৌরসভায় একটি এবং ৪২টি ইউনিয়নে ৪২টি কেন্দ্র। টিকাদানের লক্ষ্যমাত্রা ২৭ হাজার ৩০০। সকাল নয়টায় শুরু হওয়া টিকাদান কর্মসূচি চলবে বেলা তিনটা পর্যন্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। তিনি বলেন, ‘দুবার টিকা নেওয়া নারীর শারীরিক অবস্থা ভালো আছে। আশা করছি, তাঁর কোনো সমস্যা হবে না। তাঁর অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।’

রাজবাড়ীতে সর্বশেষ ১০৪টি নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয় ১৭টি। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৯ হাজার ২৫১। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬০৬ জন। মারা গেছেন ৬৮ জন। হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৫১৮ জন। হাসপাতালে ভর্তি ৫৯ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৮৯৮টি।