রাজবাড়ীতে ওরসগামী বাস খাদে, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনায় বাসটির চালক নিহত হয়েছেন
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারালে একটি বাস রাস্তার পাশে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির ১৫ যাত্রী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাজমুল হুদা (৪৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে ৪০ যাত্রী নিয়ে বাসটি বরিশালের চরমোনাই ওরস শরিফে যাচ্ছিল। কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে রেলক্রসিং পার হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত ১৫ জনের মধ্যে ১০ জনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাসটির যাত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম সরদার (৭০) বলেন, ‘আমরা ওরসে যাচ্ছিলাম। বাসটি ভালোভাবেই যাচ্ছিল। বাসের গতিও স্বাভাবিক ছিল। বাসের যাত্রীদের মধ্যে কেউ কেউ ঘুম ঘুম অবস্থায় ছিল। রেলক্রসিং পার হওয়ার পর বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে পড়ে যায়।’

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।