রাজবাড়ীতে কাল শুরু গণসংগীত উৎসব
রাজবাড়ীতে দুই দিনব্যাপী গণসংগীত উৎসব কাল সোমবার থেকে শুরু হচ্ছে। উৎসবে রাজবাড়ী, ঢাকাসহ বিভিন্ন জেলার ১৭টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।
উৎসবের বিস্তারিত তথ্য জানাতে গতকাল শনিবার সকালে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক অসীম কুমার পাল। উপস্থিত ছিলেন আইনজীবী শফিকুল আজম (মামুন), ইকবাল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক সানাউল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উৎসবের আয়োজনে রয়েছে বৃহত্তর ফরিদপুর জেলা গণসংগীত উৎসব উদ্যাপন পরিষদ। সহযোগিতায় রয়েছে শিল্পকলা একাডেমি। উৎসবের স্লোগান ‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’। শহরের আজাদী ময়দানে কাল সোম ও পরদিন মঙ্গলবার উৎসব হবে।
উৎসবের প্রথম দিন আটটি সংগঠন অংশ নেবে। এগুলো হলো রাজবাড়ীর পঞ্চভাস্কর, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, নজরুলসংগীত শিল্পী পরিষদ, দোলনচাঁপা সংগীতাঙ্গন, ফরিদপুরের খেলাঘর এবং ঢাকার সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। দ্বিতীয় দিন অংশ নেবে নয়টি সংগঠন। এগুলো হলো রাজবাড়ী জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু শিল্পী সংস্থা, আপন শিল্পীগোষ্ঠী, আবোলতাবোল শিশু সংগঠন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মাদারীপুরের গণশিল্পী সংস্থা, শরীয়তপুরের বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা এবং ঢাকার ঋষিজ শিল্পীগোষ্ঠী।
সোমবার বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকীর আলমগীর।