রাজবাড়ীতে দুর্নীতির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ বরখাস্ত
রাজবাড়ীতে দুর্নীতি, অনিয়ম, টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে মাদ্রাসার এক অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই অধ্যক্ষের নাম মো. জালাল উদ্দিন। তিনি রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির গভর্নিং বডি এ সিদ্ধান্ত নেয়।
গভর্নিং বডির সভাপতি কাজী সিরাজুল ইসলাম খাজা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান একটি মহৎ জায়গা ও শিক্ষকতা মহৎ পেশা। এখানে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই। অধ্যক্ষের বিরুদ্ধে আগেও বেশ কিছু অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আবারও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান চালাতে চাই। সব মিলিয়ে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও অসদাচরণের অভিযোগ এনে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা গভর্নিং বডির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী স্বাক্ষর করেন। অভিযোগে বলা হয়, অধ্যক্ষ মাদ্রাসায় রক্ষিত শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, ব্যক্তিগত ফাইল ও জরুরি কাগজপত্র গায়েব, পরীক্ষা-ভর্তিসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের থেকে টাকা আদায়, মাদ্রাসার পুকুর ইজারা দেওয়াসহ বিভিন্ন খাত থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। এর আগেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সে সময় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্তে অভিযোগের সত্যতা পায়।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, মাদ্রাসার কামিল প্রথম বর্ষের ১৩০ জন শিক্ষার্থীর নবায়ন ফির ২৬ হাজার টাকা ব্যাংক হিসাব থেকে উত্তোলনের পরে তা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জমা না দেওয়া, বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয় বাবদ সরকারি বরাদ্দের ৬২ হাজার টাকা, আলিম শিক্ষার্থীদের অটোপাস বাবদ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফেরত দেওয়া ১৬ হাজার ২৯৭ টাকা, পাংশার তারাপুর মাদ্রাসা থেকে অনুদান পাওয়া ১০ হাজার টাকা, দুদক থেকে অনুষ্ঠানের জন্য পাওয়া ৪ হাজার ৫০০ টাকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদের দেওয়া ৫০ হাজার টাকাসহ বিভিন্ন খাতে মোট ৭ লাখ ৯১ হাজার ৪৪ টাকা আত্মসাতের প্রতিবেদন দেয় তদন্ত কমিটি। ২৭ মার্চ ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ও তার মাকে গালিগালাজ করে বের করে দেন অধ্যক্ষ জালাল উদ্দিন। পরের দিন ২৮ মার্চ ওই শিক্ষার্থীর অভিভাবক অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে অধ্যক্ষ জালাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় মন্তব্য জানা সম্ভব হয়নি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। কিছু অভিযোগ অভ্যন্তরীণ আর কিছু বাইরের। এসব ঘটনায় গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। পরে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দায়িত্ব পালন করছি। ওই অধ্যক্ষের নিয়োগের সময়ও আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম। আমার হাত দিয়েই তাঁকে নিয়োগ দেওয়া হয়।’