রাজবাড়ীতে পাটকলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর সবচেয়ে বড় পাটকল রাজবাড়ী জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রাজবাড়ী-ফরিদপুর সড়কের পাশে কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনে কারখানার বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ পুড়ে গেছে বলে জানা গেছে
ছবি: প্রথম আলো

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল ছয়টার দিকে পাটকলকর্মীরা রাতের শিফটের কাজ শেষে বের হচ্ছিলেন। এ সময় হঠাৎ করে সবাই আগুন দেখতে পান। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজবাড়ী জুট মিলের ব্যবস্থাপক কাজী দিদার আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বোঝা যাচ্ছে না।