রাজবাড়ীতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সুজিত চৌধুরী (৩০) ও বিমল রায় (৩১)। তাঁরা নীলফামারী সদর উপজেলার হারাজিত কোপাপাড়া গ্রামের বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, একটি মোটরসাইকেলে সুজিত ও বিমল রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালীর বোয়ালিয়ার ভাঙা ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশ। নিহত দুজনের মুঠোফোন থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।