রাজবাড়ীতে রাত থেকে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাকচালক ও সহকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরিস্বল্পতার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকগুলো। রোববার দৌলতদিয়া ফেরিঘাট সড়কে
ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ফেরি পারাপারের জন্য শনিবার রাত থেকে অপেক্ষা করছেন ট্রাকচালক ও সহকারীরা। সড়কে ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে ট্রাকচালক ও তাঁর সহকারীরা পড়েছেন বিপাকে। আর্থিক ক্ষতিসহ শিকার হচ্ছেন ভোগান্তির।

আজ রোববার সকালে ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় বেনাপোল থেকে তুলা নিয়ে এসেছেন, যাবেন গাজীপুরের মাওনায়। গোয়ালন্দ মোড়ে দীর্ঘ সারিতে আটকে আছেন। এই কষ্ট দেখার কেউ নেই।

আজ সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ফেলুর দোকান পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় পারাপারের জন্য ট্রাকসহ বিভিন্ন যানবাহন অপেক্ষায় আছে। ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী ট্রাকগুলো এই রাস্তায় পারাপারের জন্য সিরিয়ালে রাখা হচ্ছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে আসা ট্রাক, কাভার্ড ভ্যান, পার্সেল বহনকারী পরিবহন, পিকআপ ভ্যান এক সারিতে রাখা হচ্ছে। ট্রাকের সারি আলাদীপুরে পাটকল এলাকায় পৌঁছেছে। নতুন নতুন ট্রাক-কাভার্ড ভ্যান এসে সারিতে যুক্ত হচ্ছে। তবে পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অপর দিকে বাস, মাইক্রোবাস, কাঁচামাল বহনকারী ট্রাকসহ ছোট ছোট যানবাহন ঘাট অভিমুখে ছুটে চলছে। রোববার বেলা ২টা পর্যন্ত পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

শহিদুল ইসলাম নামে অপর এক ট্রাকচালক বলেন, ঢাকা থেকে মাল নিয়ে মাদারীপুর গিয়েছিলেন। সেখান থেকে গতকাল সন্ধ্যায় ট্রাক নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে আসেন। এরপর সেখানে ট্রাকের সারিতে আটকা পড়েন। সেখানে কোনো নিরাপত্তা নেই। খাওয়াদাওয়ার কোনো ব্যবস্থা নেই। নেই শৌচাগারের ব্যবস্থাও। কঠিন দুর্ভোগে আছেন।

রাজবাড়ী ট্রাফিক পুলিশের সার্জেন্ট তারক চন্দ্র পাল বলেন, আজ ফেরি কয়েকটি কম চলাচল করছে। ঘাট এলাকায়ও পারাপারের অপেক্ষায় ট্রাক আছে। গোয়ালন্দ মোড় এলাকায় প্রায় ২০০ ট্রাক অপেক্ষা করছে। এতে দুই কিলোমিটার এলাকায় ট্রাকের সারি তৈরি হয়েছে।

সবুজ মিয়া বলেন, এখনই যদি এমন সমস্যা হয়, তাহলে তো বর্ষা মৌসুমে দুর্ভোগের কোনো সীমা থাকবে না।

দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাধারণত ২০টি ফেরি চলাচল করে। এর মধ্যে চারটি ফেরি মেরামত করা হচ্ছে। বাকি ১৬টি ফেরি যাতায়াত করছে।