রাজবাড়ীতে সর্দি-জ্বর নিয়ে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরে আজ রোববার দুপুরে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক ব্যক্তি (৬৫) মারা গেছেন। ওই ব্যক্তি করোনা আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য শরীরের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি কয়েক দিন ধরে বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। তাঁর শরীরে জ্বর, সর্দি ও কাশি ছিল। তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। খবর পেয়ে তাঁর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা আক্রান্তের নির্দেশনা মেনে তাঁর শেষকৃত্য করা হচ্ছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বিষয়টি তিনি জানেন না। সিভিল সার্জন এ বিষয়ে কিছু জানাননি। করোনা আক্রান্তদের দাফন-কাফন বা শেষকৃত্য করার জন্য বিশেষ টিম রয়েছে। এ ক্ষেত্রে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, শনিবার রাজবাড়ী সদর উপজেলায় পাঁচজনের করোনা সংক্রমণের খবর নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের ওই দিন বিকেলে সদর হাসপাতালে আইসোলেশনে নিয়ে আসা হয়। বিকেলে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। শনিবার দিবাগত রাত ১২টায় লকডাউন কার্যকর করা হয়েছে।