রাজবাড়ীর জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় আহত
রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পুথুরিয়ায় গতকাল শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন।
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন সি এ টু ডিসি মোতাহার হোসেন। তিনি বলেন, জেলা প্রশাসক গতকাল দুর্ঘটনার শিকার হন। এখন তিনি ঢাকায় চিকিৎসাধীন।
প্রশাসন সূত্রে জানা গেছে, রাজবাড়ী ও মাগুরা জেলার মধ্যে আন্তসীমানা নিয়ে বিরোধ রয়েছে। বিরোধ নিষ্পত্তি ও ভূমি মন্ত্রণালয়ের সভায় যোগ দিতে ডিসি দিলসাদ বেগম ২৪ ফেব্রুয়ারি ঢাকায় যান। ২৫ ফেব্রুয়ারি সভা অনুষ্ঠিত হয়। গতকাল তিনি জেলা প্রশাসকের গাড়িতে ঢাকা থেকে রাজবাড়ী ফিরছিলেন। গাড়িতে জেলা প্রশাসক দিলসাদ বেগম, তাঁর দুই সন্তান ও দেহরক্ষী (গানম্যান) ছিলেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঘিওরের পুথুরিয়ায় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে ডিসি ও তাঁর দেহরক্ষী মোকলেসুর রহমানকে আহত অবস্থায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুরের দিকে ডিসিকে ঢাকায় পাঠানো হয়।