রাজশাহী জেলায় এক দিনে করোনা শনাক্তের হার ৪৬ শতাংশের বেশি
রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের পর করোনায় আক্রান্তের হার বেড়ে চলেছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ শনাক্তের হার ৪৬ শতাংশের বেশি। গতকাল রাতের নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
ল্যাব দুটির মধ্যে রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা হয়েছে মোট ১৫৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। এ ল্যাবে শনাক্তের হার ৪৬ দশমিক ১৫। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা হয়েছে ৬১ জনের নমুনা। এ ল্যাবে করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের। শনাক্তের হার ৪৫ দশমিক ৯০।
গত তিন দিনের ল্যাবের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী জেলার করোনা শনাক্তের হার গত মঙ্গলবার ছিল ২১ দশমিক ৭ শতাংশ। গত বুধবার করোনা শনাক্তের হার দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৪২ শতাংশে। আর গতকাল তা বেড়ে হয়েছে ৪৬ শতাংশের বেশি।
গতকাল রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফলের প্রতিবেদনে নাটোরের ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জন এবং নওগাঁর ৪৫ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ হয়েছেন। এতে নাটোরে শনাক্তের হার ৪১ শতাংশ এবং নওগাঁয় ৫০ শতাংশের বেশি। ল্যাবের কর্মকর্তারা মনে করছেন, শুধু রাজশাহী নয়, এর আশপাশের জেলাগুলোতেও করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবের ইনচার্জ সাবেরা গুলনেহার বলেন, রাজশাহীতে গত বছর শনাক্তের হার ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। এবার এ জেলায় করোনার সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে গেছে। ল্যাবে ৫০ শতাংশের কাছাকাছি শনাক্ত হচ্ছে। তাই সবাইকে তিনি মাস্ক ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন।
রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহী মেডিকেলের দুই ল্যাবে। বাকি ১৪ জনের শনাক্ত হয়েছে উপজেলা পর্যায়ে অ্যান্টিজেন পরীক্ষায়।
রাজশাহী সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার বলেন, রাজশাহীতে ঈদের পর সংক্রমণ বেড়ে গেছে। এর মধ্যে শনাক্ত হারও দ্রুত বাড়ছে। তাঁরা করোনার অ্যান্টিজেন পরীক্ষার ওপর জোর দিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৫০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জন শনাক্ত হয়েছেন।