রাজশাহী জেলায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে আরও চারজনের মৃত্যু হয়েছে। এটি এই জেলায় এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগের দিন ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছিল। এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কমেছে। এদিন ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩৩৯।

আজ শনিবার সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার স্বাক্ষরিত পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার জেলায় মোট ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৫ জনের। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২০ দশমিক ৭৯ শতাংশ। গত বৃহস্পতিবার এই হার ছিল ২০ দশমিক শূন্য ৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের আরটিপিসিআরের দুই ল্যাবে মোট ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ১৪৩ জনের। এই দুই ল্যাবে করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৭৩ শতাংশ। আর রাজশাহী মহানগরে ১৩টি বুথে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ৫৫৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫২ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ। এদিন রাজশাহীর উপজেলাগুলোয় র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ১৯৫ জনের মধ্যে শুধু রাজশাহী নগরে শনাক্ত হয়েছে ১৮৭ জন। আর উপজেলাগুলোয় শনাক্ত হয়েছে ৮ জনের। নতুন শনাক্ত ১৯৫ জন নিয়ে রাজশাহী জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৬। এর মধ্যে রাজশাহী নগরের রোগী ৯ হাজার ৪৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় এই জেলায় মারা গেছেন মোট চারজন। এই চারজন নিয়ে জেলায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। এর মধ্যে রাজশাহী নগরের ৬৫ জন।

রাজশাহী নগরের সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় গতকাল বিকেল থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। আজ এই লকডাউনের দ্বিতীয় দিন।

রাজশাহী জেলা সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার বলেন, শুক্রবার বলে রাজশাহীর উপজেলাগুলোয় র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়নি। তবে আজ আবার শুরু হয়েছে। সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে রাজশাহী নগরে সর্বাত্মক লকডাউন চলছে। এই সাত দিন ভালোভাবে লকডাউন বাস্তবায়ন করা গেলে সংক্রমণ ও মৃত্যু অনেকটাই কমে আসবে। আর এর ফল পাওয়া যাবে অন্তত ১৪ দিনের মাথায়।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে মোট চারজন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ একজন। আগের দিন এ হাসপাতালে ১৫ জন রোগীর মৃত্যু হয়। তার আগের দিন ছিল ১২ জন। আজ হাসপাতালে রোগীর সংখ্যা ২৮৯ । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় যে চারজন রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে একজন করোনা পজিটিভ। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর তিনজনের করোনার উপসর্গ ছিল। তাঁদের বাড়ি রাজশাহীতে।