রাজশাহী নগরে এক দিনে সর্বাধিক সুস্থ ২২৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহী সিটি করপোরেশনে এক দিনে সর্বাধিক ২২৮ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই নগরে মোট সুস্থ হয়েছেন ৪২৭ জন। আর গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগরে নতুন করে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৪ জনের। আজ শুক্রবার রাজশাহী জেলা সিভিল সার্জন মহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে নমুনা পরীক্ষায় এই জেলার ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত লোকজনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার রয়েছেন ৪৪ জন। এ নিয়ে রাজশাহী জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪। আর রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এই রোগীর সংখ্যা ১ হাজার ৫৪৯। নতুন আক্রান্ত লোকজনের মধ্যে পুলিশ, র‌্যাব ও চিকিৎসক রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সর্বাধিক ২২৮ জন। তাঁরা সবাই রাজশাহী সিটি করপোরেশন এলাকার। গতকাল পর্যন্ত সিটি করপোরেশন ও জেলায় মোট সুস্থ হয়েছেন ৬০২ জন। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। মারা যাওয়া ব্যক্তিদের ৮ জনই রাজশাহী সিটি করপোরেশন এলাকার।